কিশোরীটির বিয়ে হবে আজ!
পাবনার চাটমোহরে আরেকটি বাল্যবিবাহ হবে আজ (শুক্রবার)। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর গায়ে হলুদ হয়েছে। এই বয়সে চঞ্চল মেয়েটির বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা। অথচ তাকে সংসার বোঝার আগেই যেতে হচ্ছে শ্বশুরালয়ে। বাবা-মা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন বলে জানা গেছে।স্থানীয় ব্যক্তিরা জানান, মেয়েটির বাবা বিয়ের কেনাকাটা সম্পন্ন করেছেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করা হয়ে গেছে। মেয়েটির বয়স মাত্র ১৩ বছর। বাড়ি তার উপজেলার মূলগ্রাম ইউনিয়নে। সে ওই এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। ছেলেটিও একই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।এ ব্যাপারে মেয়ের বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি সাংবাদিক পরিচয় জেনে কথা বলতে রাজি হননি। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘বাল্যবিবাহের বিপক্ষে আমার অবস্থান। বিয়ে বন্ধের ব্যবস্থা নিয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান সাহেব বিষয়টি জানিয়েছেন। বিয়ে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’