কিশোরীদের এগিয়ে নিতে হলে কন্যাশিশুর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কিশোরীদের অগ্রযাত্রায় বড় বাধা বাল্যবিবাহ। সম্মিলিতভাবে এই ব্যাধি প্রতিরোধ করতে হবে। কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
বগুড়ার একটি হোটেলে গতকাল শনিবার ‘কিশোরী শক্তি ও সক্ষমতা: রূপকল্প ২০৩০’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর আয়োজন করে। বৈঠক সঞ্চালনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ।
বৈঠকের প্রধান অতিথি বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান বলেন, বাল্যবিবাহের জন্য অভিভাবক-জনপ্রতিনিধি সবাই সমান দায়ী। স্কুল পর্যায় থেকেই কিশোর-কিশোরীদের এতে নিরুৎসাহিত করতে হবে। রাজনৈতিক সভা-সমাবেশে বাল্যবিবাহবিরোধী প্রচারণা চালাতে হবে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘একটি ছেলেসন্তানের আশায় আমরা পরপর পাঁচ-সাতটি কন্যাসন্তানের জন্ম দিই। ছেলেসন্তান জন্মালে আমাদের খুশির সীমা থাকে না। এভাবে জন্মের পর থেকেই কন্যাসন্তানেরা বাবা-মায়ের অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়।’
বয়ঃসন্ধিকাল ও যৌনশিক্ষার বিষয়টি এখনো উপেক্ষিত মন্তব্য করে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, মাসিকের সময় করণীয় সম্পর্কে কিশোরীরা অজ্ঞই থেকে যায়। বিয়ের পর নিরাপদ গর্ভধারণ ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কেও কোনো ধারণা থাকে না মেয়েদের।
ইউএনএফপিএর কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী এ দেশে ৫০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার। এটি বন্ধ করতে হবে।’
ইউনিসেফের রাজশাহী অঞ্চলের কর্মকর্তা শেখ মাসুদুর রহমান বলেন, ‘অনেক ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা দেওয়া হচ্ছে। তবে ঘোষণা দিলেই দায়িত্ব শেষ হয় না, এ ক্ষেত্রে প্রতিটি থানায় কিশোরী হেল্পডেস্ক খোলার উদ্যোগ নিতে হবে।’
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয় নির্বাচিত কিছু জেলায় ‘কিশোর-কিশোরী ক্লাব’ চালু করেছে। এই ক্লাবে এসে কিশোরীরা নানা বিষয় জানতে পারছে। এটি গোটা দেশে ছড়িয়ে দিতে হবে।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর ইকো-সোশ্যাল ডেভেলপমেন্টের (পিইএসডি) নির্বাহী পরিচালক মাহফুজ আরা, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যাপক ওসমান গনি, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, সাংবাদিক সমুদ্র হক, বগুড়া আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি তবিবর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান।