কিশোরীদের অপুষ্টির হার বেশি
কিশোরীদের পুষ্টি চাহিদা মেটাতে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) মোট বরাদ্দের ১০ শতাংশেরও কম ব্যয় হচ্ছে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, পরিবারে ও জাতীয় পর্যায় পর্যন্ত ১৫-১৯ বছর বয়সী মেয়েদের পুষ্টি চাহিদার প্রতি যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না। এমনকি কিশোরীদের পুষ্টি পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পুষ্টিবিশেষজ্ঞ মহসীন আলী প্রথম আলোকে বলেন, কিশোরীরাই ভবিষ্যৎ মা, অথচ তাদের পুষ্টির চাহিদা পূরণে তেমন কর্মসূচি নেই। বাংলাদেশের কিশোরীদের মধ্যে আমিষের প্রচণ্ড অভাব রয়েছে, এক-তৃতীয়াংশ কিশোরী রক্তশূন্যতায় ভুগছে, দীর্ঘ মেয়াদে অপুষ্টির শিকার হওয়ায় বেশির ভাগ কিশোরীই খর্বাকৃতির। তিনি বলেন, তীব্র অপুষ্টির শিকার এসব কিশোরী প্রতিবছর অসংখ্য অপুষ্ট শিশুর জন্ম দিচ্ছে। কিশোরীদের মধ্যে অপুষ্টির হার বেশি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পুষ্টি ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ বিষ্ণুপদ ধর প্রথম আলোকে জানান, দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের পুষ্টিবিষয়ক জ্ঞান অনেক বেশি, কিন্তু অপুষ্টির শিকার ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি। কুসংস্কারের কারণে মেয়েরা ছেলেদের পরে খায় এবং কম খায়।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ২০০৩ সালে নেত্রকোনা, কিশোরগঞ্জ, মাদারীপুর ও গোপালগঞ্জের তিন হাজার পরিবারের কিশোরী ও নারীদের পুষ্টি নিয়ে জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, এক-পঞ্চমাংশের বেশি নারী দুবেলা পর্যাপ্ত খেতে পান না, এক-তৃতীয়াংশ চরম অপুষ্টির শিকার। জাতীয়ভাবে ২,২০০ কিলোক্যালরি খাদ্য গ্রহণের কথা বলা হলেও জরিপভুক্ত অঞ্চলের মেয়েরা গ্রহণ করেছে ১,৫৬৪ থেকে ১,৬০৯ কিলোক্যালরি। তাদের খাদ্যতালিকায় ৮০ শতাংশ জায়গা দখল করে আছে শুধু ভাত। ডাল, শাকসবজি, ফলমূল ও প্রাণিজ আমিষ গ্রহণের হার খুবই কম। গর্ভবতী মায়েদের মাত্র ১৯ শতাংশ আয়রন বড়ি খেয়েছেন। এনএনপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতিসংঘ শিশু তহবিল, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রসহ (আইসিডিডিআরবি) প্রতিটি প্রতিষ্ঠানই বলছে, এই কিশোরীরাই আবার শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি তৈরি হওয়ার আগে বাল্যবিবাহের শিকার হচ্ছে। বিয়ের বয়স আইন করে ১৮ বছর নির্ধারণ করে দেওয়া হলেও আইন মানা হচ্ছে না। ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি-২০০৯ মতে, এখনো বাংলাদেশে বাল্যবিবাহের শিকার হচ্ছে ৬৮ শতাংশ মেয়ে। কিশোরী মা কম ওজনের, খর্বাকৃতির, লিকলিকে শিশুর জন্ম দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কৈশোর প্রজননস্বাস্থ্য কৌশলপত্র বলছে, বাংলাদেশে ১৫-১৯ বছর বয়সীদের মধ্যে সন্তান জন্মদানের হার প্রতি হাজারে ১৩৫, যা বিশ্বে সর্বোচ্চ। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে বাল্যবিবাহের শিকার ১৫-১৯ বছরের এক-তৃতীয়াংশ কিশোরী গর্ভধারণ করে, ২৮ শতাংশ বাচ্চা প্রসব করে এবং পাঁচ শতাংশ দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়। এনএনপির সহকারী পরিচালক এস এম মুস্তাফিজুর রহমান বলেন, ১৭৩টি উপজেলায় অন্তত ৪০ শতাংশ কিশোরীকে তাঁরা বাল্যবিবাহ থেকে মুক্ত রাখতে পেরেছেন। এ ছাড়া কিশোরীদের পুষ্টি ও প্রজননস্বাস্থ্য নিয়ে সচেতন করার চেষ্টা চলছে। অপুষ্টির চক্র: ‘নিউট্রিশন ইন উম্ব’ শীর্ষক প্রবন্ধে যুক্তরাষ্ট্রের শিশুস্বাস্থ্যবিজ্ঞানী ডেভিড বার্কার বলছেন, গর্ভাবস্থায় মা কী খাচ্ছেন, শুধু তার ওপরই ভ্রূণের বৃদ্ধি নির্ভর করে না। ভ্রূণ মায়ের শরীর থেকেও তার পুষ্টি চাহিদা পূরণ করে। একজন মায়ের শরীর বেড়ে উঠতে শুরু করে তাঁর ভ্রূণ অবস্থা থেকে। ভ্রূণ থেকে শৈশব, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নারীর পুষ্টিচাহিদা মিটলে অপুষ্টির সমস্যা এড়ানো যায়। গত বছর ব্যাংককে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক পুষ্টি সম্মেলনে বার্কার বলেছিলেন, অপুষ্টিতে আক্রান্ত শিশু অপুষ্ট শিশুর জন্ম দেয় এবং মা ও শিশু উভয়ই নানা রোগের ঝুঁকিতে থাকে। এনএনপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কিশোরীদের পুষ্টি চাহিদা পূরণে কর্মসূচির মাধ্যমে সরাসরি পুষ্টিসমৃদ্ধ খাদ্য সরবরাহ করা অসম্ভব। এ ক্ষেত্রে পারিবারিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা দরকার।