কিশোরীদের মুখে নারী জাগরণের কথা
‘আমাদেরকে বুঝতে হবে নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। পুরুষশাসিত সমাজে নিজেকে পিছিয়ে না রাখে নারীকে নিজেকেই সম্পদ হিসেবে তৈরি হতে হবে।’
আজ রোববার নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) সম্মেলন কক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথাগুলো বলে নবম শ্রেণির শিক্ষার্থী আজমী আলমগীর। প্রতিযোগিতার আয়োজন করে বিএনডব্লিউএলএ।
আজমী আলমগীর এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। দ্বিতীয় হওয়া মারিয়া মমতাজ বলে, ‘সব ক্ষেত্রেই মেয়েরা নিজেকে প্রতিষ্ঠিত করছে। আমিও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই; যাতে পিছিয়ে পরা নারী এবং কুসংস্কারাচ্ছন্ন সমাজকে এগিয়ে নিতে পারি।’ এতে প্রথম স্থান অধিকার করে মৌলভীবাজারের দশম শ্রেণির ছাত্রী নাসরীন আক্তার। নাসরীন বলে, ‘নারী হয়েও আমি অনেক বিষয়ে জানতাম না; যা রচনা লিখতে গিয়ে জেনেছি। এ জন্য আমি খুশি।’
অনুষ্ঠানে বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, নারী নেতৃত্বকে এগিয়ে নিতে কিশোরীদের ক্ষমতায়নে সাহসী পদক্ষেপ নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকার প্রবণতা বাদ দিয়ে প্রতিবাদ করতে হবে।
এই রচনা প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ১৭৯২টি রচনা জমা পড়ে। এদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কার দেওয়া হয়। প্রাথমিকভাবে লেখা বাছাইয়ের দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। পরে তিন সদস্যের জুরিবোর্ড সেখান থেকে বিজয়ীদের চূড়ান্ত করেন।
তরুণদের লেখালেখির অভ্যাস কমে যাচ্ছে উল্লেখ করে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, লেখনীর মাধ্যমে নারী-শিশুর উন্নয়নে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের প্রতিনিধিরাই সমাজের পরিবর্তন আনবে; সে জন্য দরকার সততা, আন্তরিকতা ও প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। আজমী আলমগীরের মা বলেন, ‘মেয়ে পুরস্কার পাওয়ায় আমি খুশি। পুরুষ পাশে থাকলে আগামী দশ বছরে আমরা অনেক দূর এগিয়ে যাব।
বিজয়ীদের অভিভাবক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।