কিশোরীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমারক গ্রামে গত শনিবার এক কিশোরী আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ, স্থানীয় এক তরুণ যৌন হয়রানি করায় ওই অপমান ও লজ্জায় সে আত্মহত্যা করে। কিশোরীর নাম শিউলী রানী (১৪)। সে সদর উপজেলার আমারক গ্রামের ইন্দ্রজিৎ রায়ের মেয়ে।এ ঘটনায় বাবা ইন্দ্রজিৎ রায় পাঁচজনকে আসামি করে গতকাল রোববার সদর থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার দুপুরে শিউলী বাড়ির পাশের একটি মাঠে খড় আনতে যায়। এ সময় একই গ্রামের খাইরুল ইসলাম তাকে যৌন হয়রারি করেন। সন্ধ্যায় শিউলী কীটনাশক পান করে আত্মহত্যা করে।ইন্দ্রজিৎ রায় জানান, তিনি বেগুন খেতে ব্যবহারের জন্য বাড়িতে কীটনাশক এনে রেখেছিলেন। ওই কীটনাশক পান করেই যে তাঁর মেয়ে আত্মহত্যা করবে, তা তিনি ভাবতে পারেননি। লজ্জা ও অপমান সইতে না পেরে তাঁর মেয়ে আত্মহত্যা করেছে।সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, মামালার এজাহারে শ্লীলতাহানি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। পুলিশ প্রধান আসামি খাইরুলের বাবা হুসেন আলী ও তাঁর সহযোগীর ভাই ফটিক আলীকে গ্রেপ্তার করেছে।