কিশোরীর গায়েহলুদ আজ, কাল বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর সেন্ট রিটাস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে মেয়েটি। ইউনিয়ন পরিষদের সনদে বয়স তার ১৩ বছর ১১ মাস। মেধাবী এই কিশোরী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল। স্বপ্ন ছিল লেখাপড়া শিখে বড় হওয়ার। কিন্তু সে স্বপ্ন আজ ফিকে হতে বসেছে। পরিবারের চাপে তাকে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। আজ মঙ্গলবার মেয়েটির গায়েহলুদ। কাল সন্ধ্যায় বিয়ে।
জানা যায়, ওই কিশোরীর বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নে। বাবা মুরগির খামারি। মা গৃহিণী। তিন বোনের মধ্যে কিশোরী সবার বড়। বিদ্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগেও মেয়েটি স্কুলে নিয়মিত ছিল। এখন আর তাকে স্কুলে দেখা যায় না। কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলার ছাইকোলা গ্রামে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে। পাত্র মুদি দোকানি।
মথুরাপুর সেন্ট রিটাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী মনিকা রিবেরু বলেন, ‘মেয়েটি বেশ মেধাবী। স্কুলে আসা বন্ধ হওয়ায় আমি তার সঙ্গে কয়েক দফা কথা বলেছি। প্রথম পর্যায়ে সে আমাকে বিয়েতে রাজি নয় বলে জানিয়ে কান্নাকাটি করেছে। এই বিয়ে হলে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথাও বলেছে। পরে আবার যোগাযোগ করা হলে সে বলেছে, পরিবারের লোকজন বিয়ের জন্য তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। পরে আমরা তার বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন, মেয়ের মত নিয়েই বিয়ের আয়োজন করা হয়েছে। এরপর আমরা বিষয়টি ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’ মেয়েটির বাবা বলেন, বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। এখন বিয়ে বন্ধ করার কোনো সুযোগ নেই।
চাটমোহরের ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মেয়েটির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে বলেছি।’