কিশোরীর নিজের চেষ্টায় বন্ধ হলো বাল্যবিবাহ
বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর (১৪) মতামত উপেক্ষা করে তার বিয়ের সব আয়োজন সম্পন্ন করেছিল পরিবার। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে এ বিয়ে হওয়ার কথা ছিল। এতে ওই ছাত্রী ভীষণ কান্নাকাটি করছিল।
অবশেষে ওই ছাত্রী বুদ্ধি করে নিজের বাল্যবিবাহ ঠেকাতে মুঠোফোনে স্থানীয় একটি বেসরকারি সংস্থার এক নারী কর্মীকে বিষয়টি জানায়। পরে ওই নারী কর্মী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। এরপর ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই ছাত্রীর বাড়িতে গিয়ে গতকাল দুপুরে এ বিয়ের উদ্যোগ বন্ধ করে দেন।
জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের বাসিন্দা ও চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের পূজাখোলা গ্রামের হোসেন মোল্লার ছেলে মো. মহসীন মোল্লার বিয়ে ঠিক করে উভয় পরিবার। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এ বিয়েতে মত ছিল না কিশোরীর। বিয়ের কথা শুনে সে কান্নাকাটি করে তার মা-বাবাকে বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করে এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু মা-বাবা মেয়ের কথা আমলে না নিয়ে বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন। বিয়ের আয়োজন দেখে গতকাল সকালে ওই ছাত্রী গোপনে বিষয়টি স্থানীয় বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) কর্মী সাবিনা ইয়াসমিনকে জানায়। পরে সাবিনা ইয়াসমিনের সহযোগিতায় ওই ছাত্রী ইউএনও মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করে।
ইউএনওর নির্দেশে আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম গতকাল বেলা একটায় ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় তিনি ছাত্রীর মা-বাবা ও এক চাচার সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে আলোচনা করে বিয়ের উদ্যোগ বন্ধ করে দেন। এ সময় ছাত্রীর মা-বাবা মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
ওই ছাত্রীর মা বলেন, তাঁরা না বুঝে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। এটা তাঁদের ভুল সিদ্ধান্ত ছিল। এখন তাঁরা মেয়েকে পড়াশোনা করিয়ে প্রাপ্তবয়সে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ওই ছাত্রী বলে, তার ভাষায়, ‘আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই।’
ইউএনও মুশফিকুর রহমান বলেন, ‘বাল্যবিয়েটি বন্ধ করতে পারায় আমরা অন্তত একটি সামাজিক অপরাধ থেকে ওই কিশোরীকে রক্ষা করতে পেরেছি। বাল্যবিয়ের মতো অভিশাপ থেকে মুক্ত হতে হলে ওই কিশোরীর মতো সব কিশোরীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’