বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে এবার সদ্য জেএসসি পরীক্ষা শেষ করেছে—এমন এক কিশোরীর বাল্যবিবাহ ঠেকিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় রাউজান পৌরসভায় এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মায়ের কাছ থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সদরের সালামত উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল রাতে পৌরসভার এই কিশোরীর সঙ্গে নেত্রকোনার এক ছেলের আক্‌দ হওয়ার কথা ছিল। ছাত্রীটির সহপাঠীদের কাছ থেকে জানতে পেরে বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনওকে জানানো হয়।

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার ছাত্রীটির গায়েহলুদ ও শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে বাবা–মাকে ডেকে এনে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। সেই সঙ্গে ছাত্রীটিকে লেখাপড়া চালিয়ে নেওয়ার অঙ্গীকার করানো হয়। তিনি জানান, বরকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত রোববার বন্ধ করা হয় উপজেলার বাগোয়ান ইউনিয়নের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ। তার পরদিন বন্ধ হয় কদলপুর ইউনিয়নের আরেক কিশোরীর বাল্যবিবাহ।