কিশোরীর বিষপানে মৃত্যু, তরুণের গলায় ফাঁস
মেহেরপুরের গাংনী উপজেলায় বিষপানে এক কিশোরীর মৃত্যুর খবর শুনে এক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছেন এক তরুণ। পুলিশ ও উভয়ের পরিবার জানিয়েছে, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ ও দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গাংনীর বালিয়াঘাট গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও একই গ্রামের মুনতাজ আলীর মেয়ে মুন্নি খাতুনের (১৪) প্রেমের সম্পর্ক ছিল। মিনারুল পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি বাড়িতে কৃষিকাজ করতেন। মুন্নি গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। গতকাল বুধবার বিকেলে তারা বাড়ির পাশে কথা বলছিল। প্রতিবেশীরা দেখে দুজনের পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় মুন্নিকে তার মা শাহেদা খাতুন বকা দেন। রাতে মুন্নি বিষপান করলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। রাত একটার দিকে সে মারা যায়। এ খবর পেয়ে রাতেই নিজ ঘরের ছাউনির আড়ায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন মিনারুল।
নাম প্রকাশে অনিচ্ছুক উভয় পরিবারের দুজন সদস্য প্রথম আলোকে বলেন, বিয়ের বয়স না হওয়ায় তাদের সম্পর্ক মেনে নেওয়া হচ্ছিল না। বয়স হলে তাদের বিয়ে দেওয়ার ব্যাপারে উভয় পরিবারের সম্মতি ছিল। কিন্তু দুজনে এত বড় ঘটনা ঘটাবে, তা কেউ বুঝতে পারেনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, লাশ দুটি পরিবারের কাছেই আছে। প্রেমের সম্পর্কের কারণে তারা আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হবে।