কিশোরীর বিয়ে, ১০ জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে এবার এক স্কুলছাত্রীকে (১২) বিয়ে দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত নয়জনকে এক হাজার টাকা করে ও একজনকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে নয়জনকে এক মাস করে ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে বসানো ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন কনের বাবা সাহাব উদ্দিন, মা জোসনা আক্তার, বর জামাল হোসেন ওরফে রাসেল (২৩), তাঁর বাবা মোহাম্মদ সেলিম, বিয়ের সাক্ষী জামাল হোসেন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সেলিম ও জসিম এবং কাজী এনামুল ইসলাম। একই সঙ্গে বিয়ে পড়ানোর দায়ে স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন নুরুল আমিনকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ড পাওয়া ব্যক্তিরা জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড থেকে রেহাই পান। স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে বৃহস্পতিবার সকালে একই উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে জামাল হোসেনের বিয়ে হয়। কনের বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে ইউএনও ঘটনাস্থলে গিয়ে এ অভিযোগের সত্যতা পায়। এরপর তিনি পুলিশের সাহায্যে কনে, কনের বাবা, মা ও মোয়াজ্জিনকে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। পরে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের মাধ্যমে বর, বরের বাবা ও বিয়ের সাক্ষীদের তাঁর কার্যালয়ে আনা হয়।বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ২০০৯ সালের ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৪, ৫ ও ৬ ধারায় বাল্যবিবাহে সহায়তা করার দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করেন ও বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় আদালত এ বিয়ে অবৈধ ঘোষণা করে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত পুনরায় বিয়ে না দেওয়ার আদেশ দেন।