কিশোরীর ভাইয়ের ওপর ছাত্রলীগ নেতার হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে উক্ত্যক্তের প্রতিবাদ করায় এক কিশোরীর ভাই ও তাঁর বন্ধুদের ওপর ছাত্রলীগের একজন নেতা ও কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ছাত্রলীগের পাঁচজন কর্মী আহত হন। আহত কর্মীদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে সাবেক সাংসদ রায়হানুল হকও আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ মার্চ চারঘাট পৌর ছাত্রলীগের সভাপতি একরামুল হক ও তাঁর একজন বন্ধু পৌর এলাকার বাবুপাড়া মহল্লায় গিয়ে এক কিশোরীকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার পর পুলিশ তাঁদের পরিবারের জিম্মায় দিয়ে দেয়। চারঘাট থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেদিন তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। মেয়ের পরিবারই একরামুলকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌর এলাকার মেডিকেল মোড়ে ছাত্রলীগের নেতা একরামুল হকের নেতৃত্বে তাঁর কয়েকজন বন্ধু ও সংগঠনের কর্মীরা ওই কিশোরীর ভাই রিয়াজুল হক ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালান। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রলীগের নেতা একরামুল, তাঁর বন্ধু ও ছাত্রলীগের কর্মী রানা, সাদ্দাম হোসেন, মো. লিটন ও শাওন আহত হন। এ ছাড়া সংঘর্ষের সময় দুই পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সাংসদ রায়হানুল হকও আহত হন। সাংসদ রায়হানুল হক বলেন, তাঁর আঘাত তেমন গুরুতর নয়। তিনি না থাকলে রানা হয়তো মারাই যেতেন। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি। ছাত্রলীগের নেতা একরামুল হক তাঁর বিরুদ্ধে ওঠা কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে পৌর বাজারে তাঁরা স্বাধীনতা দিবসের পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় রিয়াজুল ও তাঁর বন্ধুরাই প্রথমে তাঁদের ওপর হামলা চালান। এ ব্যাপারে ওই কিশোরীর ভাই রিয়াজুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কারও সঙ্গে কথা বলবেন না বলে জানান।