কিশোরীর মৃত্যু, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা নেই পরিবারে। তিন-ভাইবোনের মধ্যে রোকশানা বেগম (১৫) ছিল বড়। দশম শ্রেণীতে পড়লেও টনাপোড়েনের সংসারের হাল ধরতে একটি টিউশনি করত সে। পাশের বাড়িতে প্রতিদিন ওই টিউশনি করে তারপর বিদ্যালয়ে যেত রোকশানা। গতকাল শনিবার সকালে পড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসতে পারল না সে। বাসের চাপায় রোকশানা ঘটনাস্থলেই মারা যায়। সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের কায়স্থ গ্রামের কাছে সংঘটিত এ দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ আতহারিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল রোকশানা বেগম। তিন বছর আগে তার বাবা আবদুন নূর মারা গেলে সে কায়স্থ গ্রামেরই প্রতিবেশীদের একটি বাড়িতে টিউশনি করত। গতকাল টিউশনি করে বাড়ি ফেরার পথে জকিগঞ্জমুখী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই রোকশানা মারা যায়। রোকশানার আত্মীয় রফিকউদ্দিন জানান, টিউশনি করে প্রতিদিন সে ছোট ভাইকে নিয়ে বাড়ি ফিরত। এরপর বিদ্যালয়ে যেত। গতকাল বিদ্যালয় বন্ধ থাকায় সে একাই বাড়ি ফিরছিল। রফিক বলেন, ‘রোকশানার আর্থিক অবস্থার কথা জেনে মানুষ বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখেন। আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেয়।’গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলেও সড়ক অবরোধকারী সাধারণ মানুষ ছিলেন বিক্ষুব্ধ। একপর্যায়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাদের মধ্যস্থতায় বিকেল তিনটায় অবরোধ তুলে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। বাসটির সন্ধান করা হচ্ছে।সিলেট জেলা পরিবহন মালিক সমিতির প্রতিনিধি রফিক আহমদ জানান, মেয়েটির পরিবার গরিব। তাই তার পরিবারকে ৫০ হাজার টাকা ও একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়ার ঘোষণা পুলিশ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।