কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের বিষ্ণুপুরের ছোট হাজীপুর ডাঙ্গাপাড়া গ্রামে বিয়ের আট মাসের মধ্যে ইশরাত জাহান (১৩) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী এরশাদ আলী পলাতক। এরশাদের দাদা আজগার আলী (৬৫) বলেন, ‘দাঁতের বিষ সহ্য করবার না পারি ইশরাত নেজে গলাত ফাঁস দিয়া মরি গেইছে। তাক হামরা কায়ো বকাঝকাও করি নাই, মারিও নাই।’মাস আটেক আগে ইশরাত পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় প্রতিবেশী হাসান আলীর ছেলে রিকশাভ্যানের চালক এরশাদ আলীর (১৮) সঙ্গে তার বিয়ে হয়। গত শনিবার সন্ধ্যায় শয়নকক্ষের বাঁশের আড়ার সঙ্গে ইশরাতের গলায় ওড়না পেঁচানো লাশ পাওয়া যায়। পুলিশ পরের দিন লাশ উদ্ধার করে।ইশরাতের মা বলেন, ‘অয় (ইশরাত) মোর কষ্ট বুঝিল না। বিয়ের পর থাকি কয় অত ঝামলা সহ্য কইরবার পাবার নাও মুই। মান-ইজ্জতের ভয়ে কম বয়সোত বিয়া দিছু। ছইলটা নেজে মইল, না কায়ো মারি ফেলাইল—তাক মুই জানো না। মুই ঢাকাত আছনু।’ ইশরাতের জেঠি জোহরা খাতুন (৬০) অভিযোগ করেন, এরশাদ তাকে মেরে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। বদরগঞ্জ থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তীকালে সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশের পিঠে সাদা মাটির চিহ্ন, কোমরের নিচে একাধিক কালচে দাগ ছিল।