শরীয়তপুরে রোজিনা আক্তার (১৩) নামের এক গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। মানুষের প্রতিবাদের মুখে গৃহকর্তা রোজিনার বাবাকে চার লাখ টাকা দিয়ে এ ব্যাপারে সমঝোতা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের ছালাম চৌকিদারের বাড়িতে গৃহকর্মীর কাজ করত বরিশালের মুলাদী উপজেলার বালিয়াতলী গ্রামের অলিল মাঝির মেয়ে রোজিনা। সোমবার ভোরে সে মারা যায়। রোজিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে সালাম চৌকিদার রোজিনার মৃতদেহ শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। ভোর চারটার দিকে তিনি রোজিনার বাড়িতে ফোন করে জানান ডায়রিয়ায় তার (রোজিনা) মৃত্যু হয়েছে। সকাল নয়টার দিকে তিনি মৃতদেহ নিয়ে বালিয়াতলী গ্রামে গেলে এলাকাবাসী লাশের ময়নাতদন্ত করার দাবি তোলেন। পরে লাশ সেখান থেকে আট কিলোমিটার দূরে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউপির মাঠে নিয়ে রেখে দিনভর চলে সমঝোতা বৈঠক। সামন্তসার ইউপির সাবেক চেয়ারম্যান নান্টু খান, ছবিপুর ইউপির সদস্য বজলুর রহমান, নাগেরপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন ও খাসেরহাট মাদ্রাসার সহকারী সুপার আলমগীর খান বৈঠকে নেতৃত্ব দেন। সোমবার সন্ধ্যায় রোজিনার বাবা অলিল মাঝিকে চার লাখ টাকা দিয়ে সমঝোতা করা হয়। মঙ্গলবার টাকা কৃষি ব্যাংকের নাগেরপাড়া শাখায় গচ্ছিত রাখার জন্য অলিল মাঝির নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে।মঙ্গলবার বালিয়াতলী গ্রামে গিয়ে দেখা গেছে, বাড়ির এক কোণে রোজিনাকে দাফন করা হয়েছে। রোজিনার মা বকুল বেগম উঠানে বসে বিলাপ করছেন। রোজিনার বাবাকে প্রভাবশালীরা সরিয়ে রেখেছেন বলে স্থানীয় লোকজন জানান।রোজিনার ফুফু সেতারা বেগম বলেন, ‘রোজিনার মৃতদেহ বাড়িতে আনার পর তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছি।’ রোজিনার মা বকুল বেগম বলেন, রোজিনার ডায়রিয়ার খবর তাঁদের জানানো হয়নি। বিষয়টি এলাকার মানুষ ভালোভাবে জানতে চাইলে সালাম চৌকিদার কিছু লোকজনের সহায়তায় তাঁদের কিছু টাকা দিয়ে রোজিনার বাবার কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়েছে।সমঝোতাকারী আলমগীর খান বলেন, মেয়েটির ডায়রিয়ায় মৃত্যু হয়েছে এমন কথা সালাম চৌকিদার তাঁদের জানিয়েছেন। বিষয়টি সুরাহা করার জন্য তাঁদের শরণাপন্ন হলে মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে রাতে তাঁর দাফনের ব্যবস্থা করা হয়। মেয়ের বাবা অলিল মাঝিকে চার লাখ টাকা দেওয়া হয়েছে।সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, মেয়েটিকে ভোরে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল বুধবার সকালে সালাম চৌকিদারের বাড়িতে গিয়ে তা তালাবদ্ধ দেখা গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘অস্বাভাবিক মৃত্যুর পর একটি মেয়ের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে এমন সংবাদ গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনেছি। কোনো অভিযোগ না থাকায় আমরা ব্যবস্থা নিইনি।’