কিশোরীর লাশ উদ্ধার, সেতুর সঙ্গে ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুকুর থেকে গতকাল রোববার সকালে আকলিমা বেগম নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার মাজারে ওরসে গিয়ে নিখোঁজ হয় সে। এদিকে নেত্রকোনায় শনিবার নৌকায় করে যাওয়ার সময় সেতুর সঙ্গে ধাক্কা লেগে আবদুল মমিন নামের এক বালু ব্যবসায়ী মারা গেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, কিশোরী আকলিমা নিছক দুর্ঘটনার শিকার, নাকি অন্য কিছু, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। লাশটি পানিতে থাকায় পচন ধরতে শুরু করেছিল। ময়নাতদন্তের আগে কোনো কিছু বলা যাচ্ছে না।

কিশোরী আকলিমা বেগম (১৭) সুনামগঞ্জের ধরমপাশার সনাফের আলীর মেয়ে। তবে কুমারগাঁও এলাকার মাহমুদ শাহ টিলার পাশের একটি কলোনিতে বড় বোনের সঙ্গে থাকত সে।

আকলিমার বড় বোন রহিমা আক্তার বলেন, আকলিমা শুক্রবার দুপুরে মাহমুদ শাহ মাজারে ওরসে গিয়েছিল। তারপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁরা মনে করছিলেন, কাউকে না বলেই আকলিমা সুনামগঞ্জের ধরমপাশায় নিজ বাড়িতে চলে গেছে।

পুলিশ জানায়, গতকাল সকালে মাজারসংলগ্ন একটি পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁদের মাধ্যমেই খবর পায় জালালাবাদ থানার পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আকলিমা দুই দিন আগে নিখোঁজ হলেও কেউ থানায় কোনো অভিযোগ কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করেনি। সকালে লাশ ভেসে ওঠার খবর পেয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নেত্রকোনায় নিহত ব্যবসায়ী আবদুল মমিন (২৪) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তেওরি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মমিন দীর্ঘদিন ধরে নেত্রকোনার দুর্গাপুর থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে বালু নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। শনিবার সন্ধ্যায় বালু নিয়ে আটপাড়া উপজেলায় যাচ্ছিলেন। বিষনাই পাকা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর সঙ্গে তাঁর মাথায় ধাক্কা লাগলে গুরুতর আহত হন। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি মো. রমিজুল হক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।