দেশে সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হয় ১৫ বছরের কম বয়সী কিশোরীরা। ধর্ষণের শিকার ৮৬ শতাংশ এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার ৭৩ শতাংশ নারী ঘটনার পর কোনো স্বাস্থ্যসেবা পায় না। ব্র্যাকের সামাজিক উন্নয়ন কর্মসূচি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬১টি জেলার তিন হাজার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে। গতকাল বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘উন্নয়নে নারীর অবদান’ শীর্ষক সিম্পোজিয়ামে ব্র্যাকের পক্ষ থেকে এ তথ্য উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছর পূর্তি এবং বাংলাদেশে সিডও সনদ অনুমোদনের ২৫ বছর উদ্যাপন উপলক্ষে এ সিম্পোজিয়ামের আয়োজন করে ব্র্যাক। ব্র্যাকের বিশ্লেষণ অনুযায়ী, উল্লিখিত তিন বছরে নারীর ওপর সব ধরনের নির্যাতনের মধ্যে ধর্ষণের ঘটনা বেশি, প্রায় ৩১ শতাংশ। ধর্ষণের শিকার ১২ শতাংশ নারী আত্মহত্যা করতে বাধ্য হয়। নির্যাতনের ঘটনার ২৫ শতাংশ খুন, ১৫ শতাংশ এসিড নিক্ষেপের শিকার হয় এবং অন্যান্য শারীরিক নির্যাতনের শিকার আট শতাংশ নারী।অনুষ্ঠানের বিশেষ অতিথি আন্তর্জাতিক সিডও কমিটির সাবেক চেয়ারম্যান এবং উইমেন ফর উইমেনের প্রেসিডেন্ট সালমা খান বলেন, শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়লেও সামাজিক পারিপার্শ্বিকতার কারণে মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে টিকে থাকতে পারছে না। বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম বলেন, নারী নির্যাতনের কারণ খোঁজা এবং প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া দরকার।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এখনো অনেক তথ্য জানারই সুযোগ নেই নারীর। সেই সুযোগ তৈরি হওয়া দরকার। সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসির পরিচালক শীপা হাফিজা।