কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাজীপাড়া গ্রামে মরিচখেত থেকে গতকাল বুধবার মো. রাকিবুল ইসলাম রিয়াজ (১৬) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরটির পরিবার বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছে।
নিহত মো. রাকিবুল ইসলাম রণগাঁও ইউনিয়নের হাজীপাড়া গ্রামের কৃষক আবদুল বাকীর ছোট ছেলে। সে এবার এসএসসি পাস করেছে।
আবদুল বাকী জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মো. রাকিবুল ইসলামের মুঠোফোনে ফোন আসে। কথা বলতে বলতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে সে বাড়ি ফেরেনি। সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে মরিচের খেতে তার লাশ দেখে প্রতিবেশীরা খবর দেয়। তাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার বলেন, ময়নাতদন্তের জন্য রাকিবুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।