কিশোরের ছয় মাসের কারাদণ্ড, বখাটের মাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্তের (ইভ টিজিং) দায়ে গতকাল সোমবার গোপালগঞ্জ শহরে এক কিশোরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর ও টাঙ্গাইলে গ্রেপ্তার হয়েছে তিন বখাটে। সাতক্ষীরায় বখাটে এক যুবকের মাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: শহরের চৌরঙ্গী এলাকার পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী গতকাল বিকেলে বড় বোনের সঙ্গে বাজারে যায়। এ সময় পথ আটকে তাকে বিয়ের প্রস্তাব দেয় সুব্রত সরকার (১৬) নামে এক কিশোর। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার গোপালগঞ্জ থানায় অভিযোগ করে। পরে সুব্রতকে আটক করে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুর রহমান।চাঁদপুর: পুলিশ জানায়, গতকাল দুপুরে সদর উপজেলার লালপুর বালুধুম উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিষ্ণুপুর এলাকায় পথ আটকে প্রেমের প্রস্তাব দেন ফরহাদ হোসেন ফকির (১৮) ও রফিকুল ইসলাম (১৯) নামের দুই যুবক। এতে রাজি না হলে তাঁরা হত্যার হুমকি দিয়ে অশ্লীল কথাবার্তা লিখে পোস্টার সেঁটে দেওয়ার উদ্যোগ নেন। এ সময় এলাকাবাসী হাতেনাতে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন।মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি গ্রামের হেলাল সরকার (৩৮) একই গ্রামের এক কলেজছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ঈদুল আজহার দিন ওই ছাত্রী এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হেলাল তার হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী গিয়ে হেলালকে পিটুনি দেয়। পরে হেলালকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। হেলাল সুস্থ হয়ে গ্রামে ফিরে আবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ছাত্রীর বাবা গত রোববার থানায় মামলা করেন। পুলিশ রাতেই হেলালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।সাতক্ষীরা: তালা উপজেলার আটারই গ্রামের লোকজন জানান, মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন গ্রামের বখাটে রবিউল শেখ (২২)। বিষয়টি রবিউলের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার দুপুরে ওই ছাত্রী বাড়ির কাছে টিউবওয়েলের পানি আনতে যায়। এ সময় রবিউল সেখানে গিয়ে তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে রবিউল মা-মেয়ের ওপর হামলা চালান। তালা থানার ওসি আবু বক্কর জানান, রবিউলের মাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউলকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া যুবকের মা জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।শ্রীপুরে মানববন্ধন: শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীতে চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শ্রীপুর পৌর অনার্স অ্যাসোসিয়েশনের (স্পা) সদস্যরা মানববন্ধন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনায় থানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন হয়।