কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচরে ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর ছাত্রীকে (৮) গত বৃহস্পতিবার একই এলাকার এক কিশোর (১৩) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত শুক্রবার গোয়ালন্দঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।মামলার এজাহার ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটি অপর এক শিশুকে সঙ্গে নিয়ে ফুফুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় ওই কিশোর তাদের সাপের ভয় দেখালে সঙ্গে থাকা শিশুটি দৌড়ে পালায়। পরে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। বিকেলের দিকে শিশুটি বাড়ি ফেরে। এ সময় তার পরনের কাপড় রক্তে ভেজা ছিল। দ্রুত শিশুটিকে গোয়ালন্দ বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার দুপুরের দিকে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাহিদা পারভিন জানান, ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ডাক্তারি পরীক্ষা ছাড়া চূড়ান্তভাবে কিছু বলা যাবে না।গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত জানান, আসামি ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।