কিশোরের মৃত্যু বাসে আগুন দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে বাসের নিচে চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম গোপাল চন্দ্র দাস (১৫), পেশায় জুতা মেরামতকারী। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এরপর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গোপাল তার দিদিমা শেফালি রাণীর সঙ্গে আজিমপুর চৌরাস্তা পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতির একটি বাস গোপালকে চাপা দেয়। এতে তার সারা শরীর থেতলে যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে। এরপর ওই বাসসহ আরও কয়েকটি বাসে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ওই এলাকায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়।জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গোপালকে চাপা দিয়ে ঢাকা-ধামরাই রুটের বাসচালক পালিয়ে গেছেন। গোপাল তার দিদিমায়ের সঙ্গে পুরান ঢাকার শেখ সাহেব বাজারের ২৭৩/১, ঋৃষিপাড়ায় থাকত। তার বাবার নাম গোকুল চন্দ্র দাস।