কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।পুলিশ, এলাকাবাসী ও নিহত কিশোরের পরিবারের সদস্যরা জানান, রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি এলাকার বাইলাবুনিয়া গ্রামের বাসিন্দা মৌডুবি বাজারের চা বিক্রেতা মো. চান মিয়ার ছেলে মো. জিহাদ (১৪) একই এলাকার মো. মিন্টুর (১৯) সঙ্গে মঙ্গলবার রাতে নৌকা নিয়ে রাঙ্গাবালীর খলিফারচরে মাছ ধরতে যায়। বুধবার সকাল ১০টার দিকে মিন্টু নৌকা নিয়ে এলাকায় ফিরে এসে মাছের গদিতে মাছ বিক্রি করে। কিন্তু জিহাদ ফিরে না আসায় তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। মিন্টু বুধবার দুপুরেই এলাকার বাইরে চলে যায়। পরে বুধবার সন্ধ্যায় খলিফারচরের একটি জঙ্গলে জিহাদের লাশ দেখে তার স্বজনেরা থানায় খবর দেয়। পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।