কিসিঞ্জারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা উচিত: অর্থমন্ত্রী

১৯৭১ সালে পাকিস্তানকে কুমন্ত্রণা ও কুপরামর্শ দেওয়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘ওই সময় তাঁর (কিসিঞ্জার) শয়তানি ক্ষমা করা যায় না।’
গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাঠক সমাবেশ কেন্দ্রে সৈয়দ বদরুল আহসানের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: ফ্রম রিবেল টু ফাউন্ডিং ফাদার’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ইংরেজিতে লেখা এবং নয়াদিল্লি থেকে প্রকাশিত বইটি বাংলাদেশে বিপণন করবে পাঠক সমাবেশ।
অর্থমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় একাত্তরের ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ার পর তা করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জানায়। তখন শয়তানি করে হেনরি কিসিঞ্জার। কিসিঞ্জারের এই শয়তানিটা ক্ষমা করা যায় না। কিসিঞ্জার ইয়াহিয়া খানকে চাপ দিয়েছিল এটা করা যাবে না। এমনকি ১২ ডিসেম্বর আত্মসমর্পণের একটা রেজল্যুশনও করা হয়। কিন্তু কিসিঞ্জারের কারণে সেটা দেরি হয়। এই দেরির কারণে ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধীরা বুদ্ধিজীবীদের হত্যার সুযোগ পায়।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমি বলব, সব বুদ্ধিজীবীকে হত্যার দায় তার (কিসিঞ্জার)। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়নি। আমি মনে করি, তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করা উচিত।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসবাদের জন্ম হয়। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই শক্তিই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের গ্রন্থ যত প্রকাশিত হবে, ততই মঙ্গল।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আওয়ামী লীগের নেতা নূহ-উল-আলম লেলিন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বইটির লেখক ডেইলি অবজারভার-এর সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।