কিসের সংঘাত, প্রশ্ন ড. কামালের
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক হামলার প্রতি ইঙ্গিত করে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ‘কিসের সংঘাত? এদের যে উৎস তারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের পায়ে অস্ত্র রেখে চলে গিয়েছিল।’ তিনি সংঘাত থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বলব সংঘাত থেকে সরে দাঁড়াও। তা না হলে ১৬ ডিসেম্বরের মতো পরিস্থিতি দেখতে হবে।’ গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। ড. কামাল স্বাধীনতাবিরোধী শক্তিকে আবার পরাজিত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান ও স্বাধীনতাকে সত্যিকার অর্থে ধরে রাখতে হলে জনগণকে এর প্রহরী হতে হবে।‘বাহাত্তরের সংবিধান—প্রেক্ষিত বর্তমান করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট শাখা। এতে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে ঐতিহাসিক উপলব্ধির অভাব লক্ষ করি।’ এ সংশোধনীতে বিভ্রান্তি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আইনজীবী এ কে এম জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।