কিস্তি আদায়ে ঋণগ্রহীতার মেয়েকে অপহরণ
ফরিদপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ঋণের কিস্তির টাকা আদায়ে ঋণগ্রহীতার ১১ বছরের মেয়েকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ অপহরণের আট ঘণ্টা পর অপহূতাকে উদ্ধার করে ও গ্রেপ্তার করে ওই ঋণ কর্মকর্তাকে। এ ব্যাপারে থানায় অপহরণের অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার আতাদী মহল্লায়।ঋণগ্রহীতা ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাদী মহল্লার ভ্যানচালক সোবাহান মোল্লার স্ত্রী দিনা বেগম (৩০) চার মাস আগে পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাঙ্গার মালিগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। তিনি সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনির চিকিৎসা করান। এতে তাঁর ৬০ হাজার টাকা খরচ হয়। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি (৪০০ টাকা) পরিশোধ করে এলেও তিন সপ্তাহ ধরে তিনি আর্থিক সংকটের কারণে ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না।গত সোমবার সকাল ১০টার দিকে ঋণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ঋণের টাকা আদায়ে দিনা বেগমের বাড়িতে আসেন। তিনি বাড়িতে কাউকে না পেয়ে দিনা বেগমের মেয়ে আয়শাকে (১১) জিম্মাদার হিসেবে তুলে নিয়ে তাঁর মালিগ্রাম কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। দিনা বেগম অভিযোগ করে বলেন, ‘সোমবার সকাল সাড়ে আটটার দিকে মেয়েকে বাড়িতে রেখে আমি কিস্তির টাকার খোঁজে বাসা থেকে বের হই। বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। তখন প্রতিবেশী আজিজ খাঁ জানান, ঋণ কর্মকর্তা আয়শাকে তুলে নিয়ে গেছে।’ মুঠোফোনে আবুল কালামের সঙ্গে কথা বললে তিনি আয়শাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তিন সপ্তাহের কিস্তি এক হাজার ২০০ টাকা নিয়ে এসে আয়শাকে ছাড়িয়ে নিয়ে যান।’ বেলা দুইটার দিকে দিনা বেগমের স্বামী সোবাহান বিষয়টি ভাঙ্গা থানায় অবগত করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মালিগ্রামে পল্লী প্রগতি সহায়ক সমিতির মালিগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি ছোট কক্ষ থেকে আয়শাকে উদ্ধার করা হয় ও গ্রেপ্তার করা হয় ঋণ কর্মকর্তা আবুল কালাম আজাদকে। এ ব্যাপারে দিনা বেগম সোমবার রাতেই আবুল কালামের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন। তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল বলেন, আবুল কালামকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন বলেন, ওই ঋণ কর্মকর্তা যে ঘটনাটি ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। এটা প্রতিষ্ঠানের নীতিবিরুদ্ধ। ওই কর্মকর্তাসহ আঞ্চলিক ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।