কিস্তি পরিশোধ করতে না পারায় রিকশায় তালা
রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের আসলাম মিয়ার (৪৫) অভাব-অনটনের সংসার। তিন ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে দিনমজুরি করে কোনো মতে চলছিল তাঁর সংসার। একটু সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি স্ত্রীর নামে একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি রিকশা কিনেন। রিকশা চালিয়ে যা উপার্জন করতেন, তা দিয়ে ঋণের কিস্তি পরিশোধসহ ভালোই চলছিল তাঁর সংসার। কিন্তু হঠাৎ করেই তাঁর রিকশায় তালা লাগিয়ে দেন ওই এনজিওর কর্মকর্তারা। এখন তিনি নিরুপায়।এলাকাবাসী ও আসলাম মিয়ার পরিবার সূত্রে জানা যায়, তাঁর স্ত্রী খালেদা বেগম স্থানীয় দেউতি বাজারসংলগ্ন সিএমইএস এনজিও থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বর ১০ হাজার টাকা ঋণ নেন। এই ঋণের ছয় হাজার টাকা দিয়ে একটি রিকশা কিনে স্বামীকে দেন। বাকি টাকা দিয়ে সংসারের অন্যান্য খরচ মেটান। রিকশা চালিয়ে প্রতিদিন যা উপার্জন হয়, তা দিয়ে তাঁরা প্রতি সপ্তাহে ২৫০ টাকা করে ঋণের কিস্তি ও ২০ টাকা করে সঞ্চয় পরিশোধ করেন এবং সংসারের ব্যয়ভার বহন করতে থাকেন। এভাবে ঋণের ৪৫ কিস্তির মধ্যে ১৭ কিস্তিতে চার হাজার ২৫০ টাকা পরিশোধ করেন। কিন্তু গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসলাম মিয়া রিকশা চালাতে গিয়ে রাস্তার একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে বুকে ব্যথা পান। তিনি এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেও কিছুদিন বিশ্রামে থাকতে বাধ্য হন। এ কারণে ওই ঋণের নয়টি কিস্তি বকেয়া পড়ে। অবশেষে কিছুটা সুস্থ হয়ে পেটের তাগিদে গত ১৯ এপ্রিল আসলাম মিয়া রিকশা চালাতে যান। এ সময় দেউতি বাজার থেকে ওই এনজিওর কর্মকর্তা সাবের হোসেন ও তাঁর সহযোগীরা আসলাম মিয়ার রিকশাটি আটক করেন। তাঁরা রিকশায় তালা লাগিয়ে তাঁদের হেফাজতে নিয়ে যান এবং পরবর্তী সাত দিনের মধ্যে ঋণের বাকি সাত হাজার টাকা পরিশোধ না করলে রিকশা বিক্রি করে বকেয়া আদায় করে নেওয়ারও হুমকি দেন।আসলাম মিয়া জানান, রিকশা আটক রাখায় তাঁর উপার্জনের একমাত্র পথ এখন বন্ধ হয়ে গেছে। পূর্ব পারুল গ্রামের আবদুর রাজ্জাক, আবদুল মালেক, জোনাব আলী ও ইউপি সদস্য চাঁদ মিয়া জানান, অনেক চেষ্টা করেও আমরা তাঁর রিকশাটি উদ্ধার করতে পারিনি। টাকা ছাড়া রিকশা ফেরত দেবে না বলে জানিয়েছেন এনজিও কর্মকর্তারা।এনজিও সংস্থা সিএমইএসের দেউতি কার্যালয়ের ব্যবস্থাপক সাবের হোসেন বলেন, ‘যেহেতু আমরা তাঁকে ঋণ দিয়েছি, সেহেতু রিকশা আটক করার অধিকারও আমাদের আছে।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিল চন্দ্র বর্ম্মণ বলেন, ‘ওই এনজিও কর্মকর্তারা এটা ঠিক করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।’