কিস্তি শোধের চাপে দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও দফায় দফায় হরতালে শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষের এমনিতেই চুলো জ্বলছে না। এর ওপর বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি শোধের চাপে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
এনজিওকর্মী অথবা সমিতির লোকজন বাড়িতে গিয়ে কিস্তি শোধের চাপ দেওয়ায় ভয়ে পালিয়ে ফিরছেন অনেক অভাবী মানুষ।
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তাঁতশ্রমিক, পরিবহনশ্রমিক, বাসস্ট্যান্ড-নৌঘাটশ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায় এক মাস বেকার হয়ে রয়েছেন। এ ছাড়া হাটবাজার ও কারখানার শ্রমিকেরাও এখন প্রায় উপার্জনহীন। এসব নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বেশির ভাগই ঘর তৈরি, মেয়ের বিয়েসহ বিভিন্ন কারণে এনজিও অথবা স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। তাঁরা দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তিতে তা শোধ করে আসছিলেন। কিন্তু অবরোধের শুরু থেকেই আয় বন্ধ হয়ে যাওয়ায় কিস্তি শোধের উপায়ও বন্ধ হয়ে গেছে তাঁদের। বেশির ভাগ ঋণগ্রহীতার তিন থেকে চার সপ্তাহের কিস্তি বাকি পড়েছে।
এনজিওকর্মী ও সমিতির লোকজন ঋণগ্রহীতাদের বাড়িতে গিয়ে কিস্তি শোধের জন্য চাপ দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে গালাগাল দিচ্ছেন। এ অবস্থায় অনেক ঋণগ্রহীতা এনজিওকর্মী ও সমিতির লোকজনের ভয়ে বাড়ি থেকে পালিয়ে থাকছেন।
সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের পরিবহনশ্রমিক ফজলুল হক বলেন, ‘চাইল কেনার চিন্তার চাইতে এহন কিস্তি শোধের চিন্তা বেশি হয়া দাঁড়াইছে। দুইডা এনজিওর থ্যা ৪০ হাজার টাকা নিয়্যা এহন কিস্তি শোধ করব্যার পারত্যাছি না। কিস্তির অফিসাররা কিস্তি নেওয়ার জন্নে বাড়িত আইস্যা বইস্যা থাকে। তাঁরা যতক্ষণ বাড়িত থাকে ততক্ষণ পলায়া থাকা লাগে।’
বাঘাবাড়ী নৌবন্দরে গিয়ে কথা হয় শ্রমিকের সরদার হবিবর ব্যাপারীসহ আট থেকে দশজন শ্রমিকের সঙ্গে। তাঁদের প্রায় সবাই বিভিন্ন এনজিও অথবা সমিতি থেকে ঋণ নেওয়ার পর এখন ঠিকমতো কিস্তি শোধ করতে পারছেন না। হবিবর ব্যাপারী বলেন, ‘শ্রমিকেরা ঋণ নিয়্যা কেউ ঘর বানাইছে, কেউ গরু কিনছে আবার কেউবা মেয়ে বিয়ে দিছে। বন্দরে কাম না থাকায় এখন কেউই ঠিকমতো কিস্তি দিব্যার পারত্যাছে না। এতে শ্রমিকগরে এনজিওর লোকের গালমন্দ শোনা লাগত্যাছে।’
বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার নূরুন্নাহার নামের এক নারী জানান, একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। স্বামী মোমিন মিয়া তাঁতশ্রমিকের কাজ করে কিস্তি শোধ করতেন। অবরোধ-হরতালের কারণে হাটে কাপড় বিক্রি না হওয়ায় দু-তিন সপ্তাহ ধরে তাঁতের কাজ বন্ধ রয়েছে। এতে সংসার অচল হওয়ার পাশাপাশি কিস্তিও বাকি পড়ে গেছে। এনজিওকর্মীদের চাপে পড়ে মূলত কিস্তি শোধের উদ্দেশ্যেই তাঁর স্বামী এখন রাজমিস্ত্রির জোগালির কাজ বেছে নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া ও সাঁথিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংক, আশা, টিএমএসএস, ব্র্যাকসহ আরও কয়েকটি এনজিও ঋণ কার্যক্রম পরিচালনা করছে। মূলত দিনমজুর, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষই এসব এনজিও থেকে ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তিতে তা শোধ করে থাকেন। উপার্জনের পথ বন্ধ হলে কিস্তি শোধের উপায় থাকে না এসব মানুষের।
দুই-তিনটি এনজিওর মাঠপর্যায়ের কর্মীর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে পরিচয় প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, ঋণ বিতরণ করার পর তা উত্তোলনের দায়দায়িত্ব সম্পূর্ণ তাঁদের। কেউ কিস্তি শোধ না করলে সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাঁদের কঠোর জবাবদিহিতে পড়তে হয়। কখনো কখনো নিজের পকেট থেকে কিস্তি শোধ করতে হয়, নয়তো শাস্তিমূলক পদক্ষেপের সম্মুখীন হতে হয়।