কিস্তিতে কেনা যাবে ওকাপিয়া মোবাইল
সাতটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে কেনা যাবে ওকাপিয়া মডেলের মুঠোফোন। কোনো সুদ ছাড়াই তিন মাস থেকে এক বছর মেয়াদে সমান মাসিক কিস্তিতে (ইএমআই) ক্রেতারা ওকাপিয়ার বিভিন্ন মডেলের মুঠোফোন কিনতে পারবেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এসব কথা জানান।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাতটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমেই ফোনসেটটি কেনা যাবে। মডেল অনুসারে এসব মুঠোফোনের দাম ৩ হাজার ৯০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত। বর্তমানে এই সুবিধা রাজধানী ছাড়াও দেশের ৩৮টি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। ক্রমান্বয়ে এক হাজার বিক্রয়কেন্দ্রে এসব সুবিধা দেওয়া হবে।
অনুষ্ঠানে ওকাপিয়ার ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, এই ব্র্যান্ডের মোবাইল ফোন কিনে ক্রেতারা যাতে সহজেই টাকা পরিশোধ করতে পারেন, সে জন্যই ইএমআই সুবিধা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ওকাপিয়া মুঠোফোন কেনার পর বিক্রয়-পরবর্তী সেবা দেওয়ার জন্য ওকাপিয়ার সারা দেশে ৩৯টি সার্ভিস সেন্টার রয়েছে। ক্রমান্বয়ে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এ সময় ওকাপিয়া মোবাইলের চেয়ারম্যান সুব্রত দাস, মহাব্যবস্থাপক কাজী মনজুর আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।