কাতারের দোহায় বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনের চতুর্থ দিন গতকাল শুক্রবার কিয়োটো প্রটোকলের দ্বিতীয় দফার মেয়াদ বৃদ্ধি নিয়ে জোরালো বিতর্ক হয়। ৩১ ডিসেম্বরই শেষ হয়েছে কিয়োটো প্রটোকলের প্রথম দফার মেয়াদ।কিয়োটো প্রটোকল বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের লক্ষ্যে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত সম্মেলনে এটি গৃহীত হয়েছিল। তবে এটি কার্যকর হয় ২০০৫ সালে। দোহা সম্মেলনে উন্নত বিশ্বের প্রতিনিধিরা কিয়োটো প্রটোকলের দ্বিতীয় দফা বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন গোষ্ঠী এবং এনভায়রনমেন্টাল ইন্টিগ্রিটি গ্রুপের ব্যানারে মেক্সিকো, কোরিয়া ও সুইজারল্যান্ড বাজারনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের সুবিধামতো কার্বন নিঃসরণ কমানোর দীর্ঘমেয়াদি অঙ্গীকারের পক্ষে। অন্যদিকে বিভিন্ন ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ, জি-৭৭ ও চীন, আফ্রিকা গ্রুপ, আরব গ্রুপ, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ অন্য উন্নয়নশীল দেশগুলো এর বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে। উন্নয়নশীল বিশ্বের পক্ষে এসব গ্রুপের প্রতিনিধিরা ডারবান সম্মেলনের আলোচনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি ২০১৩ থেকে কিয়োটো প্রটোকলের দ্বিতীয় দফা সময় বাড়াতে সর্বসম্মত ঘোষণা চাইছে। এসব দেশের প্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতার মাধ্যমে প্রটোকলের সংযোজনী-খ (অ্যানেক্স-বি) সংশোধনীর পক্ষে অনুন্নত বিশ্বকে রাজি করানোর দাবি তুলেছেন। প্রটোকলের বাইরে থাকা দেশগুলো কার্বন নিঃসরণের মাত্রা ২০২০ সাল নাগাদ ১৯৯০ সালের মাত্রা থেকে ৪০ থেকে ৫০ শতাংশ কমিয়ে এনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখার পক্ষে জোরালো যুক্তি দিচ্ছে।স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ অভিযোজন তহবিল ও গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে কাজ করছে। ধনী দেশগুলো তহবিল গঠন ব্যবস্থাপনা ও বরাদ্দ নিয়ে যে ব্যাখ্যা দিচ্ছে, তা যথেষ্ট নয় বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে মন্ত্রী পর্যায়ের মূল আলোচনা। কাতারের রাজধানীতে ন্যাশনাল কনভেনশন সেন্টারে চলমান আলোচনায় ১৭ হাজার অংশগ্রহণকারী একটি সর্বসম্মত ঘোষণা এবং চুক্তির জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত চেষ্টা চালাবেন।এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কনভেনশনের (ইএনএফসিসি) নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগারিস বলেছেন, গ্রিন ক্লাইমেট ও অভিযোজন তহবিল নিয়ে আলোচনায় বরফ গলতে শুরু করেছে। ফিগারিস বলেন, প্রতিনিধিরা আলোচনার টেবিলে উত্থাপনের জন্য খসড়া নথি তৈরি করে যাচ্ছেন। শনিবার সন্ধ্যা নাগাদ কিয়োটো প্রটোকল, ডারবান প্ল্যাটফর্মসহ সব বিষয়ে চুক্তির খসড়াগুলো তৈরি হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।