কী আগুনে পুড়ছে ওরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা অবরোধ-হরতালের সময় গত বছর মাগুরার মঘিরঢালে পেট্রলবোমা হামলায় মারাত্মক দগ্ধ হন বালুশ্রমিক ইলিয়াস বিশ্বাস (বাঁ থেকে দ্বিতীয়)। এক মাস ঢাকায় চিকিৎসার পর প্রাণে বেঁচে গেলেও তিনি এখন আর কাজ করতে পারেন না। স্কুলপড়ুয়া দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন তিনি। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা অবরোধ-হরতালের সময় গত বছর মাগুরার মঘিরঢালে পেট্রলবোমা হামলায় মারাত্মক দগ্ধ হন বালুশ্রমিক ইলিয়াস বিশ্বাস (বাঁ থেকে দ্বিতীয়)। এক মাস ঢাকায় চিকিৎসার পর প্রাণে বেঁচে গেলেও তিনি এখন আর কাজ করতে পারেন না। স্কুলপড়ুয়া দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন তিনি। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বিধবা মায়ের একমাত্র ছেলে রাশেদুলের কথা মনে আছে? ভিটে বন্ধক রেখে যিনি ভাগ্য বদলাতে কাতারে যেতে চেয়েছিলেন? কিন্তু পেট্রলবোমা কেড়ে নিয়েছে তাঁর জীবনই। তিনি জানতেও পারলেন না, কী আগুনে পুড়ছে তাঁর পরিবার!
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন বাতিল ও সংসদ নির্বাচনের দাবিতে গত বছরের শুরুতে বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা অবরোধ-হরতালে সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের একজন রাশেদুল। গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলায় দগ্ধদের ২১ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন, আহত হয়েছেন ১৮৩ জন। আহত ব্যক্তিদের মধ্যে আড়াই বছরের শিশু সাফির থেকে শুরু করে ৯০ বছরের ঝর্ণা বেগমও রয়েছেন। দগ্ধদের বেশির ভাগের বয়স ২০ থেকে ৪০ বছরের কোঠায়।
এক বছর পর স্বজনহারা পরিবারগুলো এবং আহত ব্যক্তিরা কেমন আছেন, তা জানার চেষ্টা করেছে প্রথম আলো। নিহত ব্যক্তিদের ৯৫ শতাংশই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাঁদের হারিয়ে স্বজনেরা পড়েছেন চরম কষ্টে। গুরুতর আহত ব্যক্তিরা এখন একরকম পঙ্গু। যাঁরা সরকারের কাছ থেকে অনুদান পেয়েছিলেন, তাঁরা অনুদানের টাকা ভেঙে চলছেন। যাঁরা পাননি তাঁরা বেঁচে আছেন আত্মীয়স্বজনের দয়া-দাক্ষিণ্যে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ৮৬ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাকিরাও আস্তে আস্তে পেয়ে যাবেন। এঁদের কাউকে কাউকে সরকার ঘরও করে দিয়েছে।
চিকিৎসকেরা বলছেন, আহত ব্যক্তিদের বড় অংশ এখনো স্বাস্থ্য-ঝুঁকিতে আছেন। তাঁদের অনেকে ভারী কাজ করতেন। দু-এক বছর নিয়মিত ফিজিওথেরাপি না নিলে এঁদের অঙ্গপ্রত্যঙ্গ অচল হয়ে যেতে পারে। পুড়ে যাওয়া চামড়ায় ক্যানসার হওয়ার আশঙ্কা আছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, যাঁরা বেঁচে গেছেন তাঁদের এখন নিয়মিত চিকিৎসার প্রয়োজন। কিন্তু যতজন দগ্ধ হয়েছিলেন তাঁদের ১০ শতাংশও চিকিৎসা নিতে আসছেন না।
গুরুতর দগ্ধ ১২ বছরের মো. রকিব মিয়া তিন মাসের চিকিৎসা শেষে গফরগাঁওয়ে মায়ের কাছে ফেরে। সে আর হাসপাতালে যায় না। হাসপাতালে নেন না কেন—এ প্রশ্নে রকিবের বড় ভাই জুলহাস পাল্টা জানতে চান, বিনা মূল্যে চিকিৎসা হবে কি না। তিনি বলেন, রকিব রাত হলে ব্যথায় চেঁচায়, অস্থিরতা বাড়ে।

পেট্রলবোমা হামলায় নিহত রাশেদুলের দুই ছেলে, স্ত্রী ও মা। সম্প্রতি তোলা ছবি  l প্রথম আলো
পেট্রলবোমা হামলায় নিহত রাশেদুলের দুই ছেলে, স্ত্রী ও মা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো


কষ্টে রাশেদুলের পরিবার: কাতার যেতে কক্সবাজার থেকে বাসে ঢাকায় আসছিলেন রাশেদুল। গত বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে তাঁদের বাসে পেট্রলবোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন আটজন। শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়া রাশেদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাশেদুলের মা সালমা বেগম এখন পুত্রবধূ ও ছোট ছোট নাতিদের মুখে খাবার তুলে দিতে ঠিকে ঝিয়ের কাজ করেন। গত ২৪ ডিসেম্বর চকরিয়ায় তাঁদের বাড়িতে গেলে সালমা বেগম কাঁদতে থাকেন। বলেন, ‘বাজি আর ফোঁয়া সুখর স্বপ্ন দেখাইত কবরত গিয়ে।’ বললেন, তাঁরা এখনো সরকারি অনুদানের টাকা পাননি। কাঁদেন রাশেদুলের স্ত্রী সুমিও। ভিটের বন্ধক ছাড়ানো হয়নি।
ওই হামলায় রাশেদুলের সঙ্গে প্রাণ হারানো চকরিয়ার আবু ইউছুফ ও আবু তাহেরও কাতার যেতে বাড়ি ছেড়েছিলেন। এঁদের পরিবারও বলেছে, তারা অনুদান পায়নি।
একই বাসে কক্সবাজার থেকে স্ত্রী মাফরুহা আহমেদ ও মেয়ে মাইশা তাসনিমকে নিয়ে ফিরছিলেন যশোরের নুরুজ্জামান পপলু। ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান। মাফরুহা প্রথম আলোকে বলেন, তিনি এখন জীবন্মৃত।
গত বছর ২১ মার্চ সন্ধ্যায় মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলায় মালিক গ্রামের পাঁচ বালুশ্রমিক মারা যান, আহত হন চারজন। আহত ওই চার দিনমজুর এখন কাজ করতে পারেন না। ২ জানুয়ারি ওই গ্রামে গিয়ে কথা হয় নিহত রওশন আলী বিশ্বাসের স্ত্রী শুকুরননেছার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার তিন বাচ্চা। স্বামী দিনমজুরি করে যা আয় করতন তাই দিয়েই টিমটিম করে চলত। এহন প্রতি মাসে সরকারেরতে ছয় হাজার টাকা ভাতা পাচ্ছি। ওই দিয়েই চলি।’ নিহত ইয়াদুল মোল্লার (২৪) চাচা তরিকুল বলেন, ‘ইয়াদুলের বাপ মরি গ্যাছে বিশ বছর আগে। ওই এক ছেলে। প্রতিদিন কাজ শেষে চাল-ডাল কিনে বাড়ি ফিরত। মা-বেটা খেত। এখন মাডা পাগলের মতো হয়ে গেছে।’
দগ্ধ হয়েছেন এমন ১০ জনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এঁদের কেউ লোহালক্কড়ের কাজ করা শ্রমিক, জামদানির কারিগর, ট্রাকচালক, দিনমজুর কিংবা গ্যারেজে কাজ করতেন। তাঁরা কেউ আর কাজ করতে পারেন না। সিলেটের গ্যারেজশ্রমিক নিরঞ্জন (১৯) বলেন, ‘গলাই তো নাড়াতে পারি না। কী করমু।’
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ ও মাগুরা প্রতিনিধি কবির হোসেন