কী আনন্দ কিআনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর আলোর দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সারা দিন ধরে চলে জমজমাট ‘কিআনন্দ’ উৎসব। এর একপর্যায়ে সংগীতের তালে নাচের ছন্দে মেতে ওঠে কিশোর আলোর স্বেচ্ছাসেবীরা l ছবি: প্রথম আলো n আরও ছবি: পৃষ্ঠা–১৬
কিশোর আলোর দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সারা দিন ধরে চলে জমজমাট ‘কিআনন্দ’ উৎসব। এর একপর্যায়ে সংগীতের তালে নাচের ছন্দে মেতে ওঠে কিশোর আলোর স্বেচ্ছাসেবীরা l ছবি: প্রথম আলো n আরও ছবি: পৃষ্ঠা–১৬

অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে আটটা। কিন্তু ‘কিআনন্দ’ উৎসবে যোগ দিতে যেন তর সইছিল না। তাই তো সাড়ে সাতটা থেকেই শিশু-কিশোরদের হইহুল্লোড়ে মুখর হয়ে ওঠে সেন্ট যোসেফ স্কুল প্রাঙ্গণ।
কিশোর আলোর জন্মদিন ছিল ১ অক্টোবর। এ উপলক্ষে দ্বিতীয়বারের মতো কিআনন্দ উৎসবের আয়োজন করা হয়। রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুল মাঠে গতকাল শুক্রবার হয়ে গেল দিনভর আনন্দোৎসব।
সুরের ধারার শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে আটটায় বেলুন উড়িয়ে কিআনন্দ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সঙ্গে ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ ও সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন। কিআনন্দ স্লোগানের সঙ্গে সঙ্গে বেলুন উড়ে যায় আকাশে। ঝমঝমিয়ে নামে চকলেটের বৃষ্টি।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘ঘরের মধ্যে বসে পড়লেই তো হতো। এসব অনুষ্ঠানে আসার কী দরকার? কেন এসেছ?’ তিনি নিজেই উত্তর দেন। বলেন, ‘সাহিত্য, কিশোর আলো, বই পড়া, গান শোনা, নীল আকাশ দেখা—এগুলোর মধ্য দিয়ে জীবনকে আনন্দ দিতে হয়। নীল আকাশের মধ্য দিয়ে দূর পৃথিবীকে দেখো। শুধু পাঠ্যবই মুখস্থ করলে বড় হওয়া যাবে না। দূরকে দেখতে হবে। দূরকে দেখো। অনেক বড় হয়ে যাবে।’
ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, কিশোর আলো যেন আলোকিত করে তোমাদের। আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় জীবনে।
যারা এখানে এসেছ, তারাই একদিন দেশের প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেন ক্রিকেটার তাসকিন আহমেদ।
কিশোর আলো সম্পাদক আনিসুল হক বলেন, ‘যারা শুধু ক্লাসে ফার্স্ট হয় আর কিছু করে না। জাতীয় জীবনে অনেক সময় তারা অবদান রাখতে পারে না। যারা পরীক্ষায় ভালো করে আর এর বাইরেও অনেক কিছু করে, তারা জীবনে অনেক বড় হয়।’
কিশোর আলোর দুই স্বেচ্ছাসেবক সাদেকিন হায়দার ও সামিয়া শারমিন অনুষ্ঠান উপস্থাপনা করে। ফুটফুটে এক শিশুকে মঞ্চে ডেকে নেয় তারা। জানতে চায়, কিশোর আলো পড়ে কি না। সে জানায়, কিশোর আলো পড়ে। মা ও বোনের সঙ্গে সারা দিন সে মজা করবে।
আজ উদ্বোধনী পর্বের পরই ঘোষণা আসে ‘সবাই ঘুরে তাকাও’। মাঠে কবির বকুলের লেখা ‘কিশোর আলো, কিশোর আলো’ গানের সঙ্গে একদল ছেলেমেয়ে করে ‘ফ্ল্যাশ মব’। নেচে-গেয়ে জমিয়ে তোলে উৎসব।
মঞ্চে ততক্ষণে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে জমজমাট মঞ্চ। অংশ নেয় ভিকারুননিসা নূন স্কুল, সানিডেইল, ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুলের ছেলেমেয়েরা। গান শোনায় হৃদি, প্রাপ্তি, স্মরণ, ঐশী ও মেহেদী।
লেখকের মুখোমুখি পর্বে শিশু-কিশোরদের প্রশ্নবাণের মুখে পড়েন ‘ছোট কাকু’র রচয়িতা ফরিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন, কিশোর আলোর নিয়মিত লেখক ও উন্মাদ সম্পাদক আহসান হাবীব, কার্টুন বেসিক আলীর রূপকার শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য দেন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল।
শিল্পীদের গান গাইতে বললেই গলাব্যথার অজুহাত দেন তাঁরা। কিন্তু কিআনন্দ উৎসবে কি আর এসব অজুহাত টেকে! তাই তো গলাব্যথা নিয়েও গান শোনালেন ব্যান্ডশিল্পী জন। ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির কোনো অজুহাতে না গিয়ে নিজেই শোনালেন গান। সবাইকে শুভেচ্ছা জানান শিল্পী কোনাল।
সকালে ‘আমার স্বপ্ন’ ও ‘আমার শহর’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকেরা। বিচারক ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, অশোক কর্মকার ও আবদুল মান্নান। এ সময় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরস্কারও দেওয়া হয়।
মঞ্চের সামনে যারা ছিল, তাদের মধ্যে কিশোর আলো, নাকি প্রথম আলো—কার পাঠক বেশি—উপস্থিত শিশু-কিশোরদের কাছে জানতে চান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনিই উত্তর দিয়ে বলেন, ‘এখানে কিশোর আলোর পাঠক বেশি। তোমাদের মধ্যে এমন অন্তত ১০ জন আছে, যারা প্রথম আলোর চেয়েও বড় কাগজ বের করবে। আমরা সেই স্বপ্ন দেখি।’
এ সময় মঞ্চে আরও ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, গীতিকার কবির বকুল। নামাজের বিরতির পর আবার শুরু হয় উৎসব। ‘মোহাম্মদপুর স্ট্যান্ট ভাইপারস’-এর সাইকেলের নানা কসরত দেখানোর মধ্য দিয়ে শুরু হয় কিআনন্দের দ্বিতীয় পর্ব।
মঞ্চে আসেন জাদুশিল্পী রাজিব বসাক। একের পর এক চমক হিসেবে উপস্থিত হতে থাকেন প্রিয় সংগীতশিল্পীরা। ‘এক পায়ে নূপুর তোমার’ গেয়ে শোনান তপু। নিজেদের বিখ্যাত গান গেয়ে শোনান জয় শাহরিয়ার, কিশোর, পারভেজ।
কেন ২০ বছর আগে এমন আয়োজন ছিল না—এই বলে নিজের আফসোসের কথা জানান অভিনেত্রী দীপা খন্দকার। তাঁর সঙ্গে মঞ্চে আসেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু আর বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। উপস্থিত সবাই গলা ছেড়ে মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে গাইতে শুরু করেন ‘আমি বাংলায় গান গাই’। এরই ফাঁকে হয়ে যায় মাদককে ‘না’ বলার শপথ।
শ্রোতারাই গায়কের চেয়ে বেশি জোরে গান গাইলে কেমন হয়, তা-ই যেন দেখা গেল মিনারের ‘তুমি চাইলে বৃষ্টি’ গানের সময়। ইবরার টিপুর ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানের সঙ্গে গলা মেলালেন শ্রোতারা। দর্শকদের শুভেচ্ছা জানাতে আসেন মডেল পিয়া ও মারিয়া নূর।
মঞ্চে চলছিল গান আর শুভেচ্ছা বিনিময়। মাঠে তখন শুরু হয়ে গেছে মোরগ লড়াই। ছেলেরা অংশ নেয় মোরগ লড়াইয়ে। মেয়েদের জন্য ছিল লক্ষ্যভেদের খেলা হাঁড়িভাঙা।
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে হলো ফ্যাশন শো। কিআনন্দের মঞ্চে একসঙ্গে উপস্থিত হয় বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সুপারম্যান, ব্যাটম্যানসহ নানা চরিত্র।

কিশোর আলোর দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল ‘কিআনন্দ’ উৎসবের মঞ্চে বাঁ থেকে সম্পাদক আনিসুল হক, উপস্থাপক সামিয়া শারমিন, ক্রিকেটার তাসকিন আহমেদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবি পিউরিফিকেশন ও উপস্থাপক সাদেকিন হায়দার l প্রথম আলো
কিশোর আলোর দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল ‘কিআনন্দ’ উৎসবের মঞ্চে বাঁ থেকে সম্পাদক আনিসুল হক, উপস্থাপক সামিয়া শারমিন, ক্রিকেটার তাসকিন আহমেদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবি পিউরিফিকেশন ও উপস্থাপক সাদেকিন হায়দার l প্রথম আলো

কিআনন্দ উৎসবে এসে অনেকেরই হয়ে গেল এভারেস্ট জয়ের অভিজ্ঞতা! এভারেস্ট একাডেমির সৌজন্যে কিআনন্দ উৎসবে ছিল কৃত্রিম পাহাড়ে চড়ার সুযোগ। প্রথমার স্টল থেকে অনেকেই কিনেছেন দেশি-বিদেশি বই। মনের নানা প্রশ্নের উত্তর খোঁজার ‘জানার কী আছে বলো’ স্টল কিংবা ব্যঙ্গাত্মক ছবি আঁকানোর ‘ক্যারিকেচার’ স্টল। কিআনন্দের প্রতিটি স্টলেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়।
সব শেষে মঞ্চে আসে ব্যান্ডদল ‘জলের গান’। সারা বাংলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুরগুলোকে বাঁচিয়ে রেখে, শহুরে জনগণের কাছে পৌঁছে দেওয়া এই ব্যান্ড দলের গানে মাতোয়ারা হয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থল। জলের গান শোনাল ‘বকুল ফুল, বকুল ফুল’, ‘আমি একটি পাতার ছবি আঁকি’।
কার্তিকের সন্ধ্যা ঘনায় কিআনন্দ শেষ হয়। এত জলদি কিআনন্দের শেষ মানতে পারছিলেন না ছোট-বড় শ্রোতারা। কিশোর আলো কর্তৃপক্ষ দিল আগামী বছর এর থেকেও বড় পরিসরে কিআনন্দ উৎসব করার ঘোষণা। আবার আসবে কিআনন্দ তাই খুশিমনেই বাড়ির পথ ধরেন সবাই।