কী করছি দেখে যান: ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের ছয়টি জেলায় আট লাখের মতো মানুষ পানির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তাদের এখন মাথায় হাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মুখে হাসি ফোটাতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিন্দুকদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘অহেতুক ফাঁকা আওয়াজ দেবেন না। আমরা কী করছি দেখে যান। শেখ হাসিনা সরকারে “না” বলতে কোনো জিনিস নেই। যেভাবেই হোক দুর্যোগ মোকাবিলা করা হবে। বিদ্যুৎ ও সেচের বিল পরিশোধ যাতে এক বছরের জন্য স্থগিত করা হয়, জ্বালানিমন্ত্রীকে অনুরোধ করা হবে।’

যাঁরা চায়ের কাপ গরম করেন, তাঁরা হাওরে আসেন বলে মন্তব্য করেছেন তিনি বলেন, এদের কথা শুনবেন না। টিভি বন্ধ করে দেবেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ দুর্যোগের দেশ। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা পারদর্শী। আমাদের খাদ্যের কোনো অভাব নেই। অকালবন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যে ধরনের সহায়তা চাইবেন, আমরা তা-ই দিতে প্রস্তুত।’ তিনি বলেন, তিনটি ক্যাটাগরিতে ৩ লাখ ৩০ হাজার নিঃস্ব পরিবারকে সাহায্য করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া অতিদরিদ্র প্রত্যেক পরিবারের জন্য প্রতি মাসে নগদ ৫০০ টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হবে। মধ্যবিত্তদের জন্য ১৫ টাকা কেজি দরে চালের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে এমনকি ওয়ার্ডে ডিলার নিয়োগ দেওয়া হবে। যাতে যাতায়াত খরচ না লাগে।

জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, ওয়ারেসাত হোসেন বেলাল, ছবি বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগ নেতা নূর খান প্রমুখ।

এ সময় বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সরকারি দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান নেত্রকোনার বিভিন্ন উপজেলার ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর থেকে জেলার বারহাট্টা ও মদন উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।