সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরতলির নাজিরশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল জনা পঞ্চাশেক তরুণের জটলা। জটলা ঠেলে ভেতরে ঢোকামাত্রই একদল যুবক তেড়ে আসে। তারা জানায়, ভেতরে ঢোকা নিষেধ। কাজ চলছে। কী কাজ চলছে জানতে চাইলে বলে, ‘শেষ হোক। তারপর বলব, ভেতরে কী কাজ চলছিল।’
বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে দেখা যায়, যশোর ছাত্রলীগের সভাপতি রিয়াদুল ইসলাম, শ্রমিক লীগের নেতা আজিজুল হক মিন্টু, একাধিক মামলার আসামি ‘বুনো আসাদ’-এর নেতৃত্বে অন্তত ৫০ জন যুবক কেন্দ্র দখল করে সিল মারছেন। পুলিশকে অবশ্য অসহায়ভাবে বাঁশি বাজাতে দেখা গেছে। ভোটকেন্দ্রের ভতরে ঢুকে পাওয়া গেল ছেঁড়া ব্যালট পেপার।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোর্তজা বলেন, তিনি এ এলাকায় নতুন এসেছেন। ব্যালট কারা ছিঁড়েছেন জানেন না।
বেলা সাড়ে ১১টার দিকে এক দফা মধুসূদন তারাপ্রসন্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হতে দেখা গেল। বেলা দেড়টার দিকে খবর আসে সেই কেন্দ্র বোমা ফাটিয়ে দখল করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে দেখা গেল পুরো কেন্দ্র ফাঁকা। কেন্দ্রের বাইরে জটলা পাকিয়ে ২০-২৫ জন তরুণ দাঁড়িয়ে। ভোটকক্ষের ভেতর থেকে কয়েকজন তরুণকে বেরিয়ে আসতে দেখা গেল। কক্ষের ভেতর অবস্থান করা একজন নির্বাচনী কর্মকর্তা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘দেকেন একজন ১০০টা ভোট দিয়ে গেল।’
মাইকেল মধুসূদন দত্তের স্ত্রী মধুসূদন তারাপ্রসন্নের নামে স্থাপিত এই বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে গিয়ে আরেক দৃশ্য দেখা গেল। দুটি ভ্যানে করে প্যাকেট ভর্তি খিচুড়ি আসছে। আর তা তুলে দেওয়া হচ্ছে সেখানে দায়িত্ব পালনকারী পুলিশ, আনসার, নির্বাচনী কর্মকর্তা এবং অবস্থানকারী তরুণদের হাতে। কথা বলে জানা গেল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহিন চাকলাদারের পক্ষ থেকে এই খাবার উপহার হিসেবে পাঠানো হয়েছে। আর খাবার বিতরণ তদারকি করছেন সেই ‘১০০ ভোট প্রদানকারী তরুণ’। খোঁজ নিয়ে জানা গেল সেই তরুণ যশোর জেলা আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।
শাহিন চাকলাদারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘এখানে বিএনপি-জামায়াতসহ ১৯ দল আর আওয়ামী লীগের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটোর ছেলে মাশুক হাসান মিলে মোট সোয়া ১৯ দল। তারা সবাই মিলে আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে।’
দিনভর সংঘর্ষ: দিনভর সংঘর্ষ, বোমাবাজি আর ভোট বর্জনের মধ্য দিয়ে যশোর সদর উপজেলার নির্বাচন শেষ হয়। নিরাপত্তার কারণে চারটি কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল। সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর জখম হয়েছেন।
সদর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন গোলাম রেজা দুলু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যশোর এলাকার উপজেলা নির্বাচনের সমন্বয়ক তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কর্মীরা মোট ৮১টি কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করেছে।
এদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহিন চাকলাদারের বিরুদ্ধে ‘ভোট ডাকাতি’র অভিযোগ তুলে দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মাশুক হাসান যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বলেন, ‘কেউ কোনো মামলা দেয়নি। চারটি কেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের খবর শুনেছি।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে চারটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত ছিল। ভোটকেন্দ্রের ভেতর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বাইরে কিছু ঝামেলা হতে পারে।