কী চায়, তা নিয়ে অন্ধকারে দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, প্রধান দুই রাজনৈতিক দল ছায়ার মধ্যে লড়াই করছে তারা কী চায় বা যা চায় তা কীভাবে করা হবে, তা নিয়ে অন্ধকারে আছে।
গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন’ বিষয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
আকবর আলি খান বলেন, আগামী নির্বাচন সামনে রেখে সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু তারা বলছে না কোন প্রক্রিয়ায় ইসিকে শক্তিশালী করা হবে। তা ছাড়া কমিশনকে শক্তিশালী করার জন্য কোনো প্রস্তাবও তারা দেয়নি। অন্যদিকে বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। কিন্তু কেউ স্বীকার করুক আর না করুক, আদালতের রায়ের কারণে পুরোনো সংবিধানে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
সাবেক এই সচিব বলেন, ‘আরপিও সংশোধন করা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা একই সঙ্গে অনেক বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে বড় বড় বিষয় এড়িয়ে যাচ্ছি।’ তিনি ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করায় কিছু এনজিও কর্মকর্তার সমালোচনা করেন। তিনি বলেন, ‘নির্বাচনী আইন বলুন আর যা-ই বলুন না কেন, সবকিছুর চেয়ে এখন বেশি প্রয়োজন নির্বাচনকালীন সরকারব্যবস্থা। যদি তা-ই না হয়, তাহলে যতই পরিবর্তন করা হোক না কেন, কোনো লাভই হবে না।’
আকবর আলি বলেন, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বলেন প্রার্থীকে নয়, প্রতীকে ভোট দিতে। কিন্তু জনগণ এখন আর বোকা নয়। তারা এখন আর প্রতীক দেখে নয়, ব্যক্তিকেই ভোট দেয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, নির্বাচন কমিশনের মূল স্টেকহোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। সবার আগে বিভিন্ন বিষয়ে তাদের একমত হতে হবে। তারা যদি একমত না হতে পারে, তাহলে কোনো আইন দিয়েই কাজ হবে না। তিনি বলেন, ‘শুধু সোজা হয়ে দাঁড়ালেই মেরুদণ্ড সোজা হয় না। নির্বাচন কমিশনের মেরুদণ্ড আলাদা বিষয়।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘আমাদের দেশের সাংসদেরা মুকুটহীন সম্রাট। তাঁরা প্রকাশ্যে তেমন কোনো সুযোগ-সুবিধা ভোগ না করলেও প্রকৃত অর্থে অনেক সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।’
আলোচনায় ধন্যবাদ জ্ঞাপন করেন ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য এ এইচ এম নোমান। মূল প্রবন্ধ পড়েন ইডব্লিউজির পরিচালক মো. আবদুল হালিম। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে।
আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আ স ম আবদুর রব, ইডব্লিউজির নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।