কী দোষ পলাশের কী দোষ জুঁইয়ের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। অথচ বাবা আজ চার বছর ধরে আমাদের কোনো ভরণপোষণ দিচ্ছেন না। কোনো খোঁজখবরও রাখছেন না। আমরা এখন মামার বাড়িতে মানবেতর জীবনযাপন করছি।’
সিলেট মহানগর পুলিশ লাইনসে কর্মরত পুলিশের নায়েক ভূপতি চাকমার কলেজপড়ুয়া মেয়ে জুঁই চাকমা কান্নাজড়িত কণ্ঠে এমন অভিযোগই করে। জুঁই খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ছোট ভাই পলাশ চাকমা চতুর্থ শ্রেণিতে পড়ে। ওরা জানে না, কী দোষ ওদের। ভূপতি চাকমার স্ত্রী প্রণতি চাকমার অভিযোগ, যৌতুকের জন্য ২০১১ সালে তাঁকে তাঁর স্বামী ঘর থেকে বের করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
দীঘিনালার দুর্গম বৈদ্যপাড়া গ্রামে থাকেন প্রণতি চাকমা ও মেয়ে জুঁই। প্রণতি চাকমা অভিযোগ করে বলেন, তিনি ১৯৯৫ সালে ভালোবেসে আদালতের মাধ্যমে এবং পরে সামাজিকভাবে বিয়ে করেন একই গ্রামের মৃত বয়েস চাকমার ছেলে ভূপতি চাকমাকে। বিয়ের পর প্রণতির বাবা ভূপতিকে পুলিশের চাকরি নিয়ে দিয়েছেন। বিয়ের পর কয়েক বছর সংসার ভালো কাটলেও ২০১১ সাল থেকে তাঁর ওপর যৌতুকের জন্য নির্যাতন শুরু হয়। পরে যৌতুক না পেয়ে ২০১১ সালের ডিসেম্বরে ভূপতি বিয়ের সব প্রমাণপত্র আগুনে পুড়ে ফেলে তাঁদের ঘর থেকে বের করে দেন।
পুলিশ স্বামীর নির্যাতনের প্রতিকার চেয়ে ২০১২ সালের ৮ জানুয়ারি কুমিল্লার পুলিশ সুপার, ৬ মার্চ খাগড়াছড়ির পুলিশ সুপারের মাধ্যমে অভিযোগ, ২৩ মার্চ মৌজাপ্রধানের (হেডম্যান) আদালতে অভিযোগ, ৩১ জুলাই খাগড়াছড়ির বিচারিক হাকিম আদালতে মামলা, ১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
প্রণতি চাকমা অভিযোগ করেন, ‘চার বছর ধরে ভূপতি কোনো খোঁজখবর রাখছে না আমাদের। কোনো ভরণপোষণও দিচ্ছে না। আমি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে সুষ্ঠু বিচার চাই।’
প্রণতি চাকমার মেয়ে জুঁই চাকমা অভিযোগ করে বলে, ‘আমার সামনেই আমার মাকে বাবা নির্যাতন করতেন। মা অনেক কষ্টে আমাকে পড়াশোনা করাচ্ছেন। আমি এইচএসসি পরীক্ষা দেব, কিন্তু এখনো টাকা জোগাড় করতে পারিনি।’
স্থানীয় মৌজাপ্রধান প্রান্তর চাকমা বলেন, ‘আমি বিষয়টি মীমাংসা করার জন্য তিনবার নোটিশ দিয়েছিলাম, কিন্তু ভূপতি চাকমা উপস্থিত হননি। আদালত থেকে আরেকটি মামলা আমার কাছে পাঠিয়েছে। আমি আবার ভূপতি চাকমাকে নোটিশ করব।’
অভিযোগ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশ লাইনসে কর্মরত ভূপতি চাকমা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে। আমি কেন ভরণপোষণ দেব? আমার বিরুদ্ধে মামলা করেছে, আমাকে হয়রানি করছে। তারা আমার চাকরির ক্ষতি করতে চায়।’ মেয়ের অভিযোগের কথা বললে ভূপতি বলেন, মেয়েও তার মায়ের শেখানো কথা বলছে।