কী নির্মম!
কিশোর আবু সুফিয়ানের (১৫) অপরাধ ছিল, সময়মতো অটোরিকশা মেরামত করে দিতে পারেনি সে। আর সে কারণেই তার গায়ে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেয় অটোরিকশার চালক আমিরুল ইসলাম। আগুনে সুফিয়ানের শরীরের একপাশ মারাত্মকভাবে পুড়ে যায়। গত শনিবার বিকেলে নোয়াখালীর সেনবাগের রাস্তারমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর স্থানীয় মানুষ মুমূর্ষু অবস্থায় সুফিয়ানকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি দেখে গতকাল রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সুফিয়ান উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের মো. সোলেমানের ছেলে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় সুফিয়ানের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।এরপর রাতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালক আমিরুল ইসলাম (২২) এবং তাঁর দুই সহযোগী আইয়ুবুল ইসলাম (২২) ও সাদ্দাম হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক আমিরুল ইসলাম তাঁর অটোরিকশাটি মেরামতের জন্য রাস্তারমাথা নামক স্থানের সাগরের সিএনজি গ্যারেজে নেয়। ওই সময় গ্যারেজের মেকানিক সুফিয়ান অন্য একটি ট্যাক্সির কাজ করছিল দেখে আমিরুল চলে যায়।এরপর বিকেলে এসে অটোরিকশাটি মেরামত করা হয়নি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আমিরুল। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আমিরুল অপর দুই সহযোগী মিলে তাঁর অটোরিকশায় থাকা অকটেন সুফিয়ানের গায়ে ঢেলে দিয়ে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে সুফিয়ানের পিঠসহ শরীরের একাংশ মারাত্মকভাবে পুড়ে যায়।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম প্রথম আলোকে জানান, রাতেই এ ঘটনার নায়ক আমিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিরুল সুফিয়ানের গায়ে অকটেন ঢেলে আগুন ধরানোর কথা স্বীকার করেছে।