কী নিয়ে বাঁচবে কোহিনুর নিশারা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুই দরিদ্র পরিবারের মেয়ে কোহিনুর ও নিশা। কেউ কাউকে কখনো না দেখলেও দুর্ভাগ্য তাদের এক সুতায় গেঁথেছে। গত ৩১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় এক সড়ক দুর্ঘটনায় কোহিনুরের বাবা আবদুর রহিম (৪২) ও নিশার বাবা মো. আলমগীর (৪৫) মারা যান। বাবার মৃত্যু মেনে নিতে পারছে না তারা।
১ ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের আবদুর রহিমের (৪২) জীর্ণ কুড়েঘরের কাছাকাছি আসতেই কান্নার শব্দ পাওয়া গেল। বাড়ির আঙিনায় প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের ভিড়। কেউ চোখ মুছছেন, কেউবা আহাজারি করছেন। সবে পরিবার একটু সুখের মুখ দেখতে শুরু করেছিল, আর তখনই এভাবে সবকিছু শেষ হয়ে গেল!—এমন আহাজারি তাঁদের কণ্ঠে।
আবদুর রহিমের স্বজনেরা জানান, স্ত্রী ও পাঁচ কন্যাসন্তানের সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সাত বছর আগে আরব আমিরাতে যান নিহত আবদুর রহিম (৪২)। নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। কঠোর পরিশ্রম করলেও নিয়মিত বেতন পেতেন না। অবস্থা ধীরে ধীরে পাল্টাচ্ছিল। বছরখানেক আগে একবার দেশেও এসেছিলেন তিনি। সেটাই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাৎ।
বেড়ার ঘরের একটি কক্ষে আবদুর রহিমের পাঁচ মেয়ের সঙ্গে বসেছিলেন তাঁর স্ত্রী নুরজাহান বেগম। একটু পরপরই বিলাপ করে কান্না করছিলেন তিনি। কথা বলতে চাইলে তিনি জানান, ৩১ জানুয়ারি সকালে প্রতিবেশী প্রবাসী আবু তাহের মুঠোফোনে জানান দুর্ঘটনার খবরটি। এরপর থেকে কী ঘটেছে তিনি কিছু বলতে পারবেন না। স্বামীকে হারিয়ে পাঁচ মেয়েকে কীভাবে মানুষ করবেন জানেন না তিনি।
আবদুর রহিমের পাঁচ মেয়ে কোহিনুর আকতার (২০), জনি আকতার (১৭), মনি আকতার (১৫), শীলা আকতার (১২) ও নীলা আকতারের (১০) কান্না থামছিল না কিছুতেই। কোহিনুর বলেন, ‘আমরা পাঁচ মেয়ে বাবার খুব আদরের ছিলাম। তিনি আমাদের সব আবদার মিটিয়েছেন। কিন্তু তাঁর জন্য আমরা কিছু করার সুযোগ পেলাম না। বাবাকে কখনো দেখব না আর!’
আবদুর রহিমের বাবা মীর আহাম্মদ বয়োবৃদ্ধ। ঘরের একটি কক্ষে নীরবে কাঁদছিলেন। বললেন, তাঁর ছেলেই সংসারের একমাত্র সহায়। তঁার আয় দিয়ে পুরো সংসার চলত। এখন এত বড় পরিবারের ভরণপোষণ কে করবে?
পৌরসভার ধুরুং জব্বারিয়া গ্রামে মো. আলমগীরের বাড়িতে গিয়েও একই চিত্র দেখা গেছে। নিহত আলমগীরের সাত বছর বয়সী মেয়ে নিশা আকতার ছোট ভাই অপুকে বুকে জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়ছিল।
কান্নাজড়িত কণ্ঠে নিশা আকতার বলে, ‘মৃত্যুর আগের রাতে বাবার সঙ্গে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে কথা হয়। আমার জন্য পাঠানো কাপড় পছন্দ হয়েছে কি না জানতে চেয়েছিলেন। আমি আর কোনো পোশাক চাই না। কেবল বাবাকে চাই। বাবা এভাবে মরতে পারেন না।’ আলমগীরের স্ত্রী সাকি আকতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মৃত্যুর আগের দিন মঙ্গলবার রাতে আমার তাঁর সঙ্গে শেষবার মুঠোফোনে কথা হয়। সে সময় বাড়িতে টাকা পাঠানোর কথা জানিয়েছিলেন। সে টাকা এখনো পাইনি। দূরে থেকেও বাড়ির খোঁজখবর রাখতেন মানুষটি। এখন কেউ আর রইল না। আমি কী নিয়ে বাঁচব বলতে পারেন?’
স্বজনের মৃত্যুর সংবাদ শুনেছেন প্রবাসী দুই শ্রমিকের স্বজনেরা। শেষ সান্ত্বনা হিসেবে পেতে চান তাঁদের মরদেহ। এ জন্য সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।