সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

ফুটপাতে চুল কাটার দোকান থেকে শুরু করে খাবার হোটেল-চায়ের দোকান। আছে মোটরগাড়ির ওয়ার্কশপ ও রিকশার গ্যারেজ। বসানো হয়েছে কাঁচাবাজার-নিত্যপণ্যের দোকান। এমনকি আছে মানুষের বসতিও। গতকাল রোববার তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। এই এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
মূলত শিল্পাঞ্চল হলেও ওয়ার্ডের কয়েকটি এলাকায় রয়েছে ঘনবসতি। ওয়ার্ডে আছে জলাবদ্ধতা ও সড়কে ট্রাক-লরি পার্কিংয়ের সমস্যা। ৩ বর্গকিলোমিটারের বেশি আয়তনের ওয়ার্ডে হোল্ডিং সংখ্যা ১ হাজার ৬৫৬। জনসংখ্যা পৌনে দুই লাখ।
গত শতকের পঞ্চাশের দশকে ৫০০ একরের বেশি জায়গা নিয়ে গড়ে ওঠে তেজগাঁও শিল্প এলাকা। ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম প্রান্তে সরকারি-বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা প্লটের সংখ্যা ৪৩০টি। আছে সিএসডি গোডাউন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, কেন্দ্রীয় ঔষধাগার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, বিজি প্রেস, টেলিযোগাযোগ অধিদপ্তর, সরকারি শিশু পরিবার, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটসহ কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়। এসব প্রতিষ্ঠান ছাড়া ওয়ার্ডের পশ্চিম প্রান্তে নাখালপাড়ার একটা অংশ, বাবলী মসজিদ সংলগ্ন এলাকা, কুনিপাড়া ও বেগুনবাড়ী এলাকায় রয়েছে লোকবসতি।
গতকাল সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের পশ্চিম ও পূর্ব প্রান্তের বেশির ভাগ সড়কের ফুটপাতে গড়ে তোলা হয়েছে নানা ধরনের অবৈধ স্থাপনা। এর মধ্যে বেশির ভাগ রিকশা গ্যারেজ। পশ্চিম প্রান্তের শহীদ মনু মিঞা উচ্চবিদ্যালয় সড়কের দুই পাশে দখলের এই দৃশ্য প্রকট। এর মধ্যে টেলিযোগাযোগ অধিদপ্তর-সংলগ্ন সড়কের ফুটপাতে দেখা গেল সেখানে গ্যারেজ ছাড়াও গড়ে উঠেছে একাধিক চায়ের দোকান, খাবার হোটেল ও অস্থায়ী ঘর। রিকশাগুলো দুই সারিতে সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা।
ওমর আলী নামের একটি গ্যারেজের মালিক জানালেন, ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এই এলাকার ফুটপাতে রিকশা গ্যারেজ পরিচালনা করছেন। তাঁর মালিকানায় এখন ৫০টির বেশি রিকশা আছে। রিকশাগুলো সব রাস্তাতেই থাকে। কয়েক দিন আগের উচ্ছেদ অভিযানে ফুটপাতের ওপর গড়ে তোলা রিকশাচালকদের থাকার অস্থায়ী ঘরগুলো তুলে দেওয়া হয়েছে। এতে তিনি খানিকটা সমস্যায় আছেন।
শহীদ মনু মিঞা উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে একটি মোটরগাড়ির ওয়ার্কশপ ফুটপাতের ৩০ ফুটের বেশি জায়গা দখল করে ছাউনি দিয়ে রেখেছে। একই এলাকার সরকারি শিশু পরিবারের পেছনের সড়ক-সংলগ্ন ফুটপাতের দুপাশে গড়ে উঠেছে অন্তত ৫০টি বস্তিঘর।
সরেজমিনে দেখা যায়, কাচভাঙা গলির অবস্থা বেহাল। পুরো সড়কে পিচের কোনো অস্তিত্ব নেই। মাঝের কয়েকটি অংশে হাঁটু পরিমাণ কাদাপানি। সড়কে অবস্থিত একটি প্রতিষ্ঠানে কর্মরত কয়েক ব্যক্তি বলেন, দীর্ঘদিন থেকেই সড়কটি এ অবস্থায় পড়ে আছে। কাদাপানির কারণে সড়কে হাঁটাচলাই কষ্টকর। ভারী ট্রাক ঢোকাতে বেগ পেতে হয়।
শিল্প এলাকার পশ্চিম প্রান্তের তুলনায় পূর্ব প্রান্তের ফুটপাতগুলোতে দখলের পরিমাণ কম। এই অংশের বেশির ভাগ সড়ক ও ফুটপাত সংস্কারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিব্বত মোড় থেকে কলোনি বাজার সড়ক, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সামনের সড়ক ও বেগুনবাড়ী এলাকায় প্রধান কয়েকটি সড়ক। স্থানীয় লোকজন বলেন, এই অংশে সড়ক সংস্কার ও ফুটপাত সম্প্রসারণের কাজ চলাকালে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও আবার তা আগের অবস্থায় ফিরে আসছে। তবে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের ফলে এলাকার বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতার সমস্যা কমেছে।
শিল্প এলাকার এই প্রান্তের ফুটপাতগুলোতেও চোখে পড়ল বেশ কয়েকটি রিকশা গ্যারেজ ও চালকদের থাকার জন্য থাকার জায়গা। এ ছাড়া অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানের ট্রাক-লরি সড়কের ওপরেই পার্ক করে রাখা। এর মধ্যে দীপিকার মোড় এলাকায় উচ্ছেদ হওয়া কাঁচাবাজারের কয়েকটি দোকান আবার বসেছে।
ওয়ার্ডের পশ্চিম প্রান্তের নাখালপাড়ার বাসিন্দাদের অভিযোগ, গত দুই বছরে ওয়ার্ডের পূর্ব প্রান্তে যথেষ্ট উন্নয়নকাজ হলেও তাঁদের এলাকায় সে ছোঁয়া লাগেনি। আর পূর্ব প্রান্তের মধ্যকুনিপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, গোটা ওয়ার্ডের মধ্যে এই এলাকাটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও ওয়ার্ড কাউন্সিলর এখানকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেননি। অথচ এটা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
মধ্যকুনিপাড়ার বাসিন্দারা বলেন, এলকার নূর ফার্মেসির মোড় থেকে বউবাজার পর্যন্ত অপ্রশস্ত সড়কটির ড্রেনেজ ব্যবস্থা বেহাল। যে কারণে অল্প বৃষ্টিতেই সড়কটিতে হাঁটুপানি জমে যায়। পানি সরতে কখনো কখনো কয়েক ঘণ্টা লেগে যায়।