কী পরিচয়ে বড় হবে সন্তানটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকপ্রতিবন্ধী নারীটির কী অপরাধ ছিল? কী অপরাধ ধর্ষণের শিকার নারীর শিশুসন্তানটির? শারীরিক নির্যাতনের এক যুগ পার হলেও এখনো প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এই নারী ও তাঁর সন্তান। পাড়া-প্রতিবেশীর নানা কটুকথা শুনতে হয় তাঁদের।
২০০১ সালের ৪ এপ্রিল প্রতিবেশী নিমাই দে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। একই বছর ২৪ নভেম্বর একটি কন্যাসন্তান জন্ম দেন ওই নারী। শিশুটি এখন চট্টগ্রাম নগরের একটি স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে। সে জানে না তার পিতৃপরিচয়।
ধর্ষণ এবং সন্তানের পিতৃপরিচয় প্রমাণের জন্য গত ১৯ আগস্ট আদালতের নির্দেশে নির্যাতিত নারী, তাঁর মেয়ে ও আসামি নিমাই দের ডিএনএ পরীক্ষা হয়। এর আগে গত ২৪ মার্চ চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ডিএনএ পরীক্ষার আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী প্রদীপ দত্ত বলেন, ‘আসামি ডিএনএ পরীক্ষা না করার জন্য গড়িমসি শুরু করে। দু-তিনবার পালিয়ে যায়। পরে আদালতে হাজিরা দিতে এলে সেখান থেকে পুলিশ তাকে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যায়। পরীক্ষার ফল এলেই সবকিছু প্রমাণিত হবে।’
প্রদীপ দত্ত আরও বলেন, বধির স্কুলের শিক্ষকের মাধ্যমে মেয়েটির জবানবন্দি নিয়েছেন আদালত। তাতে তিনি স্পষ্ট বলেছেন, তাঁকে জোরপূর্বক নিমাই দে ধর্ষণ করেছেন।
বর্তমানে মামলাটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। ডিএনএ পরীক্ষার সময় তিনি উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, ‘আসামি ডিএনএ পরীক্ষা না দেওয়ার পাঁয়তারা করছিল। শেষ পর্যন্ত তাকে ধরে তা করিয়েছি। বর্তমানে আসামি জামিনে রয়েছে।’
জানা গেছে, এখন বাকপ্রতিবন্ধী নারী তাঁর ভাই পরিমল দের সঙ্গে থাকেন। পরিমল দে বলেন, ‘বাড়ির লোকজন নানা কথা বলে। তাই বোনটিকে আমার কাছে রেখেছি। তাঁর সন্তানটিকে একটি স্কুলে পড়তে দিয়েছি। এখন শিশুটিও তার পিতৃপরিচয় জানতে চায়।’
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের কৌঁসুলি চন্দন তালুকদার বলেন, ‘আসামি নিমাই দের ধর্ষণের কারণে বাকপ্রতিবন্ধী মেয়েটি সন্তানের জন্ম দেন। এটি চাঞ্চল্যকর। তাঁর শাস্তি হওয়া উচিত। কোনো সমঝোতা হবে না।’
এ বিষয়ে বক্তব্য জানতে নিমাই দেকে ফোন করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।