কী মানুষ, কী হইয়া গেছে গো...
সকালে কাজে যাওয়ার সময় মেয়েটি খুব কান্না শুরু করেছিল। ওর দুই বছর বয়স। বাবা সুরমান আলীর নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে সুমাইয়া। অগত্যা সুরমান তাঁর সেলফোনটিতে গান বাজিয়ে মেয়ের কান্না থামালেন। স্ত্রী সুফিয়া খাতুনকে বলেন, ফেরার সময় মেয়ের জন্য বোতলের ‘জুস’ আনবেন। এদিকে ঘরে কাঁচাবাজারও নেই। সুফিয়ার স্যান্ডেল ছিঁড়ে গেছে। কেনা দরকার। ৮০০ টাকা ছিল সুফিয়ার কাছে। সেখান থেকে ৭০০ টাকা দিলেন কেনাকাটা করতে। গত ২৪ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হন সুরমান। তারপর আর খোঁজ নেই।
গতকাল দুপুরে সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে এল একটি লাশবাহী গাড়ি। মেয়েকে কোলে নিয়ে সুফিয়া বসে ছিলেন স্কুলের মাঠের আমগাছতলায়। সঙ্গে শাশুড়ি তারা বানু, শ্বশুর মো. শুকুর আলী, ভাসুর আবদুল জব্বার ও মো. শাহ আলম। ছুটে গেলেন স্কুলের বারান্দায় নামিয়ে রাখা লাশের কাছে। তার পরই উঠল কান্নার রোল।
রানা প্লাজা ধসের ১৭ দিন পরও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে নিখোঁজ স্বজনের খোঁজে শত শত নর-নারী অপেক্ষা করছেন। দূরদূরান্ত থেকে আসা লোকজনের অনেকেই স্কুলের বারান্দা বা মসজিদের বারান্দায় রাতে ঘুমাচ্ছেন। স্বেচ্ছাসেবকেরা তাঁদের দুবেলা খাবারের ব্যবস্থা অব্যাহত রেখেছেন। এখানেই গতকাল শুক্রবার সুরমানকে খুঁজে পেলেন তাঁর স্বজনেরা। তবে সেই সুরমানের মাথাসহ শরীরের ওপরের অংশ নেই। বাঁ হাতের অংশবিশেষ এবং কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন অংশ আনা হয়েছে প্লাস্টিকের ব্যাগে ভরে।
সুরমানকে তাঁর স্ত্রী সুফিয়া শনাক্ত করলেন পরনের প্যান্ট, লাল রঙের বেল্ট ও জামার অংশ দেখে। তিনি বললেন, ‘ওর পকেটে হয়তো টাকাগুলো থাকতে পারে।’ পাওয়া গেল সেই ৭০০ টাকা। মেয়ের জুস, স্ত্রীর স্যান্ডেল আর বাজার করার জন্য যে টাকা তিনি নিয়ে গিয়েছিলেন সেদিন সকালে। লাশের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না। সম্ভবত সেটি তাঁর বুকপকেটে ছিল। বুক-মাথাই তো পাওয়া যায়নি!
সুরমানরা তিন ভাই, তিনিই ছোট। বাড়ি ধামরাইয়ের কাইজারগণ্ড গ্রামে। বৃদ্ধ বাবা-মা আর স্ত্রীকে নিয়ে সুরমানের সংসার। তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম। ভবনধসের পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও সুরমানের কোনো সন্ধান না পেয়ে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁরা পালা করে দিন-রাত অপেক্ষা করছেন লাশের জন্য। মেয়েকে কোলে নিয়ে সুমাইয়া ডুকরে ডুকরে কাঁদছিলেন আর বিলাপ করছিলেন, ‘কী মানুষ কী হইয়া গেছে গো...।’
সুরমানের বাবা শুকুর আলী আর দুই ভাই আবদুল জব্বার ও শাহ আলম একবার ছুটছিলেন লাশের কাছে, একবার যাচ্ছিলেন লাশের নামসংখ্যা লেখা হচ্ছে যে নিয়ন্ত্রণকক্ষে, সেখানে। তাঁরা বারবার দাবি করছিলেন, লাশটি তাঁরা চিনতে পেরেছেন। কিন্তু পরিচয়পত্র বা সেলফোন, এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তাঁদের লাশ দেওয়া হচ্ছিল না।
সন্ধ্যায় আবদুল জব্বারের সঙ্গে ফোনে কথা বলে জানা গেছে, শেষ পর্যন্ত লাশ তাঁদের দেওয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সেখানে গিয়ে ডিএনএ পরীক্ষার জন্য রক্ত দিতে বলা হয়েছে।
অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে নিখোঁজ ভাই মো. রিপনের লাশের জন্য অপেক্ষা করছেন পাবনার আতাইকুলার জয়নাল আবেদিন। ভবনধসের খবর পেয়ে গত ২৪ এপ্রিল হরতালের মধ্যেই বহু কষ্ট করে তিনি তাঁর দুই ফুফা আবদুর রহিম ও বেল্লাল হোসেন এবং চাচা আসাদুজ্জামান সাভারে আসেন। এখন জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়ে লাশের জন্য অপেক্ষা করছেন স্কুলের মাঠে। তিনি জানান, ঢাকায় তাঁদের কোনো আত্মীয় না থাকায় রাতে তাঁরা স্কুলের মসজিদের বারান্দায় থাকছেন। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁর লাশও পাননি।
একইভাবে ভবনধসের পরের দিন থেকেই স্কুলের মাঠে অপেক্ষা করছেন কুড়িগ্রামের আশরাফ আলী। তাঁর স্ত্রী নাজমা বেগম এখনো নিখোঁজ। ঢাকা মেডিকেল কলেজে ডিএনএ পরীক্ষার জন্য রক্ত দিতে গিয়েছিলেন দুই বছরের ছেলে নাজমুলকে নিয়ে। কিন্তু রক্ত দিতে পারেননি। তাঁকে পরে যেতে বলা হয়েছে। আসলে তিনি বুঝেই উঠতে পারেননি কীভাবে কী করতে হবে।
মেয়ে বেবী আক্তারের ছবি হাতে নিয়ে নওগাঁর নিজাম উদ্দিন অপেক্ষা করছেন স্কুলের মাঠে। স্বজনহারা এমন মানুষের কান্না ও দীর্ঘশ্বাসে বিষাদময় হয়ে আছে পরিবেশ।