
মিষ্টি কারখানার পাশেই শৌচাগার। আর শৌচাগারের সামনে রাখা হয়েছে মিষ্টি তৈরির বিভিন্ন উপকরণ। কারখানার মেঝেজুড়ে ময়লা, চারপাশে দুর্গন্ধ। এর মধ্যেই চলছে মিষ্টি তৈরির কাজ। এই মিষ্টিই বিক্রি হবে দোকানে। অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে চট্টগ্রাম নগরের সিরাজউদ্দৌলা সড়কের দত্ত সুইটসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দত্ত সুইটসের শোরুমের পেছনেই মিষ্টি তৈরির কারখানা।
একই আদালত অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে নগরের বিভিন্ন স্থানের পাঁচটি ওষুধের দোকানকে আরও ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় একটি ওষুধের দোকানকে সিলগালা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন অভিযানে নেতৃত্ব দেন। ওষুধ প্রশাসন চট্টগ্রাম এবং পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
রুহুল আমিন বলেন, শৌচাগার লাগোয়া নোংরা কারখানা। দই ও মিষ্টিতে শেওলা ধরে গেছে। তাই দত্ত সুইটসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও ভারতীয় ওষুধ বিক্রির অপরাধে সিরাজউদ্দৌলা সড়কের মেডি ব্রাইট ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই এলাকার জয় ফার্মেসি থেকেও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।
এ ছাড়া অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে মুরাদপুর এলাকার ক্যাল ফার্মাকে ১০ হাজার টাকা, হোমিও হেলথ কেয়ারকে ১০ হাজার টাকা, আধুনিক হোমিও হলকে ১০ হাজার টাকা এবং সেবা ফার্মাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।