
কালজয়ী কথাসাহিত্যিক উইলিয়াম সমারসেট মমের ছোটগল্প ‘বুক ব্যাগ’ পড়া আছে? না পড়া থাকলে শুনুন, এই গল্পের নায়কের একটাই নেশা—বই। বই ছাড়া থাকতে পারে না সে।
অমর একুশে গ্রন্থমেলায় গতকাল কিছু ব্যক্তির উপস্থিতি দেখে মনে হলো, তাঁরা যেন ‘নায়ক’ হয়ে উঠেছেন মমের গল্পের চরিত্রের মতো।
শুধু বইকে ভালোবেসে?
তা ছাড়া কী? এক ঘণ্টার অভিযান শেষে দুই হাত ভরা বইয়ের ভারে হাঁটতে পারছিলেন না পান্থপথের সাবিহা রহমান। তাঁর মন্তব্য, ‘নিজেকে ধনী আর সুখী-সুখী লাগছে।’ মোহাম্মদপুর থেকে আসা তৌফিকুর রহমান হাঁটতে হাঁটতে ক্লান্ত। একটু দম নিয়ে বললেন, ‘বই ছাড়া একটা দিন ভাবতে পারি না। তাই সারা বছরের বই একসঙ্গে কিনতে হচ্ছে। মেলার আয়োজকদের উচিত ছিল ট্রলির ব্যবস্থা করা, যেন ট্রলি ভরে বই নিয়ে টিএসসি চত্বর পর্যন্ত যাওয়া যায়।’ বলতে বলতেই ভিড়ের মধ্যে মিশে গেলেন যুবক, সমারসেট মমের গল্পের সেই নায়কের মতোই।
সত্যি তা-ই। এমন অনেক লোক আছেন, যাঁরা বই ছাড়া থাকতে পারেন না। এখন মেলায় মূলত সেসব বইপাগল মানুষেরই আসা-যাওয়া। নতুন নতুন বই দেখতে আসার সঙ্গে সঙ্গে আরও কত-কী মন ভরে দেয় পান্থজনদের। সেলফি, অটোগ্রাফ, পর্যটন রেস্তোরাঁর কাবাব-পরোটা, চটপটি আর কিসের টানে আসা? প্রশ্নটা ছিল লিমা জোহরার কাছে। এসেছেন সিলেট থেকে। অনন্যার স্টলের সামনে দাঁড়িয়ে সবুজ জামদানি শাড়িতে উজ্জ্বল তরুণী বললেন, ‘মেলার সবই ভালো লাগে। এই যে দেখেন কী সুন্দর স্টলগুলো!’
অনন্যার স্টল থেকে সোজা এগিয়ে মন জুড়াল পাঠক সমাবেশের প্যাভিলিয়নে গিয়ে। আহ্, কী শান্তি! অনেকখানি হাঁটার পর একটু বসার জায়গা মিলল এখানে। ভেতরে বসার জায়গা ছাড়াও পাঠকেরা চাইলে পানি, কফির স্বাদ নিতে পারবেন। কথা বলি প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তি সাহিদুল ইসলামের সঙ্গে। বললেন, ‘মেলা বলতে শুধু বই কেনাবেচা নয়। আমি বুঝি পাঠক, লেখক আর বইয়ের আলাপচারিতা। তর্কবিতর্ক। পাঠক বইটা আগে দেখবে, পাতা ওলটাবে।’
মেলার মাঝখানে অন্যপ্রকাশ, মাওলা ব্রাদার্স, পাঞ্জেরীর প্যাভিলিয়ন। মোটামুটি সব কটিরই অবস্থা টি-ব্যাগের ওই বিজ্ঞাপনের মতো—লিকার ছড়ায় চারপাশ থেকে। চারপাশে বিক্রি হচ্ছে। চারদিক থেকে পাঠকেরা ভিড় করছেন। অন্যপ্রকাশের স্টলে হুমায়ূন আহমেদ যেন মূর্ত হয়েছেন। গেল বছরের মতো এবারও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্টলটি নান্দনিক। বাইরে থেকে দেখলে মনে হয়, র্যা কে সাজিয়ে রাখা হয়েছে বিশাল বিশাল বই। মিজান পাবলিশার্সের স্টলটির ওপরের দিকে তাকালে মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মূল ভবনের ওপরের অংশ বসিয়ে দেওয়া হয়েছে। এই স্টলের পেছনেই নালন্দার স্টলের শরীরজুড়ে নতুন প্রকাশিত বইয়ের প্রচ্ছদ। কথাপ্রকাশের স্টলটি শুভ্র-সমুজ্জ্বল—নানা দেশের বর্ণ আঁকা। মোড়ক উন্মোচন মঞ্চের পাশেই শব্দশৈলীর স্টলটির রং দেখেই মন ভরে যায়। মন ভরে যায় বাতিঘর, জার্নিম্যানের স্টল দেখেও।
কী সুন্দর বর্ণিল প্রথমা প্রকাশনের স্টলটি! টিএসসি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগোলে রাস্তা থেকেই দেখা যায়। লাল টকটকে সূর্যটা যেন হাসছে এর মাথায়। উদ্যানের মূল প্রবেশপথ দিয়ে ঢুকে হাতের বাঁ পাশে স্টলটি।
বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের স্টলটি সাজানো হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির আদলে। এর কাছাকাছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যাভিলিয়ন। গুলিস্তানের কাছে নগর ভবনটি দেখতে যেমন, ঠিক সেই রকম।
মেলায় গতকাল যথেষ্ট বই বিক্রি হয়েছে। অনুপম প্রকাশনীর সামনে সারাক্ষণই ভিড় দেখা গেছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার মিলন কান্তি নাথ বলেন, ঘুরেফিরে কাটানোর দিন শেষ। এখন যাঁরা আসছেন, মূলত বই কিনতে আসছেন।
ক্রেতাদের ভিড়ে একজন আলোকিত ক্রেতা আগ্রহের কেন্দ্রে ছিলেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সন্ধ্যার একটু আগে তিনি মেলায় উপস্থিত হন। সঙ্গীদের নিয়ে ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টল। কিছুটা সময় কাটিয়েছেন চন্দ্রাবতী একাডেমির স্টলে। এই প্রতিষ্ঠান থেকে এসেছে তাঁর স্মৃতিময় কর্মজীবন বইটি। ফেরার পথে বিভিন্ন স্টল থেকে নিজে যাচাই-বাছাই করে বইও কিনেছেন। এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও।
গতকাল মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘যোগীন্দ্রনাথ সরকারের সার্ধশতজন্মবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানা যায়, গতকাল মেলার ১৯তম দিনে ১১৫টি নতুন বই এসেছে। প্রথমা প্রকাশন এনেছে রায়হান রাইনের নিখোঁজ মানুষেরা। বিদ্যাপ্রকাশ এনেছে কাজী নাসির উদ্দীন সংকলিত মুহাম্মদ ইউনূস: আ পাইওনিয়ার অব ওয়ার্ল্ড পিস। একই প্রতিষ্ঠান থেকে এসেছে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের ২৫ বছর নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আমান-উদ-দৌলার বই পঁচিশ বছর পরে। অন্যপ্রকাশ এনেছে মইনুল খানের গোয়েন্দা কাহিনি স্বর্ণমানব। জনান্তিক এনেছে জাহাঙ্গীর কবীরের শাদা ঘোড়ার লাল সহিস, পারিজাত প্রকাশনী এনেছে মাহবুব কামালের প্রবচন গুচ্ছ, নব সাহিত্য প্রকাশনী এনেছে সিরাজুদ্দৌলার হিজল নদীর ঘাটে, বিশ্বসাহিত্য ভবন এনেছে মনোরঞ্জন নন্দীর পদ্মা নদীর তীরে, বিভাস এনেছে মজিবর রহমানের বাংলা, বাঙালি, বাংলাদেশ।