কীটনাশক ও বিষাক্ত বর্জ্যে মরছে আখালী নদীর মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আখালী নদীর ছোট-বড় সব মাছ মরে যাচ্ছে। স্থানীয় চা-বাগান এবং রাবার কারখানার কীটনাশক ও বিষাক্ত বর্জ্য নদীতে মিশে যাওয়াই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগ সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই নদীতে গত রোববার থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠা শুরু করেছে। এর সঙ্গে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। ইতিমধ্যে রুই, কাতলা, বোয়াল, টুনা, পুঁটি ইত্যাদি মাছ মরে নদীর ভাটিতে কয়েক কিলোমিটারজুড়ে ভেসে উঠেছে। নদীর তীরবর্তী লোকজন এ বিষাক্ত মাছই ধরে নিয়ে যাচ্ছে। নদীটি রাজনগর উপজেলার টেংরা, রাজনগর, পাঁচগাঁও ও ফতেহপুর ইউনিয়ন হয়ে কাওয়াদিঘি হাওরে গিয়ে মিশেছে। রাজনগর চা-বাগানে ব্যবহূত কীটনাশক ও রাবার কারখানার বিষাক্ত রাসায়নিকের পাত্র নদীতে ধোয়া এবং বিপুল পরিমাণ বর্জ্য এখানে ফেলায় মাছ মরে যাচ্ছে। একই কারণে প্রতিবছর কমবেশি মাছ মরে যাওয়ার ঘটনা ঘটছে। নদীর দূষিত পানি ব্যবহারের ফলে কৃষিজমির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু খান বলেন, ‘রোববার কয়েক ড্রাম বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা হয়েছে। এ কারণে এ বিপর্যয়। চা-বাগান কর্তৃপক্ষ আমার কাছে ট্রেড লাইসেন্স চেয়েছিল। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কথা বিবেচনা করে তা দিইনি।’উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘মাছের শরীরে কোনো অসুখের লক্ষণ দেখা যায়নি। দুটি কারণে মাছ মরে থাকতে পারে। একটি চা-বাগানে ব্যবহূত কীটনাশক বৃষ্টির পানিতে মিশে নদীতে গিয়ে পড়া এবং অপরটি রাবার কারখানার রাসায়নিক বর্জ্য গত রোববার নদীতে ফেলে দেওয়া।’ তবে রাজনগর চা-বাগান ও রাবার কারখানার ব্যবস্থাপক শফিকুল ইসলাম নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার বিষয় অস্বীকার করে বলেন, ‘ছয় মাস ধরে আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে। তা ছাড়া যাবতীয় ধোয়ার কাজ করা হয়ে থাকে বাগানের ভেতর গভীর নলকূপের পানিতে। এই পানি বাগানের একটি ছড়ায় গিয়ে পড়ে। এটি নদীর সঙ্গে যুক্ত নয়।’