কীটনাশক ছাড়াই আমন খেতের পোকা দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় আমনখেতে কীটনাশক প্রয়োগের পরিবর্তে আলোর ফাঁদ পেতে ও গাছের ডাল পুঁতে ধানের ক্ষতিকর পোকা ধ্বংস করার প্রক্রিয়া কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপারভাইজার) পরামর্শে আমনের জমিতে গাছের ডাল পুঁতে ও রাতে আলোর ফাঁদ পেতে ক্ষতিকর পোকা নিধন করছেন।উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল হোসেন জানান, সভা করে এ ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের প্রান্তিক চাষি কাজী বাতেন জানান, তিন বছর ধরে তিনি বোরো, ইরি, আউশ ও আমনখেতে আলোর ফাঁদ পেতে পোকা দমন করে উপকার পাচ্ছেন। এ বছর অসংখ্য কৃষক এ পদ্ধতি ব্যবহার করে পোকা দমন করছেন।পূর্বচন্দ্রা গ্রামের প্রান্তিক চাষি কবির জমাদ্দার জানান, ডোঙ্গায় (ছোট ডিঙ্গি) বা তাফালে সাবান বা কেরোসিন মিশ্রিত পানি রেখে বা পানিভর্তি ডোবার ওপরে বাতি জ্বালিয়ে দিলে পোকা এসে জড়ো হয় এবং মারা পড়ে।কালীবাড়ি গ্রামের কৃষক আ. শুকুর বলেন, ‘মোগ জমিতে ডাল পোঁতার কারণে দিনে বিভিন্ন পক্ষী ডালে আইসা বয় আর পোক খায়।’ কুকুয়া গ্রামের কৃষক হেমায়েত বলেন, ‘এ পদ্ধতিতে পোকা দমন হচ্ছে। আর প্রয়োজন ছাড়া জমিতে কীটনাশক ওষুধ ব্যবহার করব না।’উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল বলেন, আমতলীর বিভিন্ন এলাকায় এ বছর ৩৮ হাজার ২০০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। আমন মৌসুমে জমিতে মাজরা পোকার আক্রমণ করাটা স্বাভাবিক। তাই ৩০টি ব্লকে পোকা দমনে এই আলোর ফাঁদ ও ডাল পোঁতা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এটাকে বলা হয় লাইট ট্র্যাপ ও পার্সিং পদ্ধতি। এ পর্যন্ত আড়াই হাজারের বেশি কৃষক এ পদ্ধতি ব্যবহার করে উপকৃত হচ্ছেন।বরগুনা জেলা কৃষি বিভাগের উপপরিচালক লুৎফর রহমান বলেন, ‘পদ্ধতি দুটি পরিবেশবান্ধব এবং এই পদ্ধতি ব্যবহারে জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমবে বলে আশা করছি।’