কীটনাশক দিয়ে নষ্ট করা হলো এক বিঘার ধান
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের কৃষক শহিদুল ইসলামের এক বিঘা জমির ধান কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে। এখন জমিতে গাছগুলো দাঁড়িয়ে থাকলেও শিষ শুকিয়ে শুকনো পাতার মতো হয়ে গেছে। শহিদুলের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী বাগডাঙ্গা গ্রামের এক ব্যক্তি এ কাজ করেছেন।শহিদুল জানান, ক্রয়সূত্রে মালিক হয়ে ২০০১ সাল থেকে তিনি এ জমিতে চাষাবাদ করছেন। কিন্তু বাগডাঙ্গা গ্রামের আবু তালেব জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। মামলায় তিনি হেরেও যান। তার পরও তিনি জমিটি দখলের চেষ্টা করছেন। এক বছর আগে এ জমিতে ধান চাষ করার সময় আবু তালেব ট্রাক্টর দিয়ে তা নষ্ট করে দেন। এবার প্রায় ১৫ হাজার টাকা খরচ করে তিনি ধান চাষ করেছেন। শনিবার সকালে তিনি খবর পান, ধানের খেতে আগাছা দমনের ওষুধ ছেটানো হয়েছে। মাঠে গিয়ে দেখেন, তিন থেকে চার ঘণ্টার মধ্যে গাছগুলো মরে যাচ্ছে। আর গত দুদিনে সব শিষ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি স্থানীয় কোলা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবু তালেব জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, এ কাজ তিনি করেননি। কে করেছে তা তাঁর জানা নেই।