কীটনাশক দেওয়া শিম বেচেন, খান না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোকার আক্রমণ ও পচন থেকে রক্ষার জন্য শিমখেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এই কারণে চাষিরা নিজেরা ওই শিম খান না বলে জানা গেছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের আজাহার আলী (৪৮) এবার ৩০ শতাংশ জমিতে শিম চাষ করেছেন। অথচ বাড়ির এক পাশে সামান্য জায়গায় পৃথকভাবে কিছু শিমগাছ লাগিয়েছেন। এ ব্যাপারে আজাহার আলী বলেন, ‘শিমখেতে এখন এত বেশি বিষ দেওয়া হয় যে খেতে ভয় লাগে। পরিবারের কেউ এই শিম খেতে চায় না। তাই বসতভিটার কাছে-কোলে খানিকটা শিম বিষ ছাড়াই চাষ করি, সেগুলোই খাই। আর খেতের শিম বিক্রি করি।’ এ বছর শীতকালীন সবজির দাম না থাকলেও শিমের বাজারদর এখনো বেশ ভালো রয়েছে। প্রতি মণ শিমের বর্তমান বাজারদর ৪৬০ টাকা। তাই ফলন বাড়াতে কীটনাশকের ব্যাপক ব্যবহার করছেন তাঁরা। কীটনাশক প্রয়োগের দু-একদিনের মধ্যেই এসব শিম বাজারে নেওয়া হয়। উপজেলার দেউলী মাঠে শিমচাষি আকবর হোসেন (৪৫) বলেন, কীটনাশক ছিটিয়েও এবার খেত রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। পোকার আক্রমণ নাজেহাল করে তুলেছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো ধরনের সবজিতে কীটনাশক প্রয়োগ আইন অনুযায়ী নিষিদ্ধ। আইপিএম পদ্ধতিতে পোকা দমনের চেষ্টা করার জন্য কৃষকদের বারবার আমরা বলে আসছি। কিন্তু কৃষকেরা কীটনাশকের দিকেই ঝুঁকে পড়েছেন।’শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবু সালেহ দ্বীন মোহম্মদ বলেন, কীটনাশকমিশ্রিত সবজি খাওয়ার পর জন্ডিস, কিডনির সমস্যা, প্যারালাইসিস, পেটেরপীড়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।