কীটনাশক পানে তরুণের মৃত্যু তরুণী হাসপাতালে
ফরিদপুরের মধুখালী উপজেলায় কীটনাশক পান করে আশুতোষ বিশ্বাস (২০) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন। কীটনাশক পান করে এক তরুণী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল সোমবার উপজেলার মেঘচামী ইউনিয়নের বামুনদি গ্রামের একটি খেত থেকে ওই তরুণকে মৃত এবং তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। ওই ইউনিয়নেই তাঁদের বাড়ি। আশুতোষ উপজেলার আইনউদ্দিন কলেজ থেকে এবার এইচএসসি পাস করেন এবং ওই তরুণী একই কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
মেঘচামী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ভরতচন্দ্র মণ্ডল বলেন, ওই দুই তরুণ-তরুণীকে গতকাল সকাল সাতটার দিকে বামুনদি গ্রামের নীরোদ চক্রবর্তীর খেতে পড়ে থাকতে দেখা যায়। ছেলেটির ডান হাতের সঙ্গে মেয়েটির বাঁ হাত ওড়না দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পাশে কীটনাশকের (ফুরাডান) গুঁড়া পড়ে থাকতে দেখা যায়। ওই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ইউপির চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ বলেন, প্রেমঘটিত কারণে তাঁরা আত্মহত্যার উদ্যোগ নেন বলে ধারণা করা হচ্ছে।