কীটনাশক পানে ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলায় কীটনাশক পান করে স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ওষুধ ভেবে কীটনাশক পান করে ফেলেন।
ঘটনা দুটি ঘটেছে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায়। মৃত দুজন হচ্ছেন সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী ফুরকুন বেগম (৬৫) ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বশীর আলীর মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুন খাতুন (১৪)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর পৌনে একটার দিকে পক্ষাঘাতগ্রস্ত ফুরকুন বেগম তরল ভিটামিন ওষুধ মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে ফেলেন। পরে তাঁকে বেলা আড়াইটার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে গতকাল সোমবার রাতে পড়াশোনা করার সময় জান্নাতুন খাতুন তার ছোট ভাই মাজিদ হোসেনের সঙ্গে মুঠোফোন নিয়ে ঝগড়া করে। একপর্যায়ে জান্নাতুন অভিমান করে অন্য ঘরে গিয়ে বাড়িতে রাখা কীটনাশক পান করে। প্রথমে তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কীটনাশক পানে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জরুরি বিভাগের চিকিৎসক নাজির আহমেদ। তিনি জানান, দুজনেরই ময়নাতদন্ত মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে।
এ ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।