কীটনাশক পানের চার দিন পর একজনের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কীটনাশক পানের চার দিন পর রুবেল হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। গত রোববার রাতে শহরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত রুবেলের পাঁচ বছরের মেয়ে এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে, রুবেল তাঁর মেয়েটির মুখেও কীটনাশক ঢেলে দিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আট বছর আগে শহরের কলেজপাড়া মহল্লার আমিনা খাতুন মিনা ও ধুপিপাড়া মহল্লার রুবেল হোসেনের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ৩ মে আমিনা তাঁর স্বামী রুবেলকে তালাক দেন। এরপরও স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনার জন্য রুবেল রোস্তমনগরে তাঁর শ্বশুরবাড়ি যেতেন। কিন্তু আমিনা আর ফিরতে রাজি হননি। এ অবস্থায় ২ নভেম্বর সকালে শ্বশুরবাড়ি গিয়ে প্রথমে মেয়ের মুখে কীটনাশক ঢেলে দেন ও পরে রুবেল নিজেও তা পান করেন। গুরুতর অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত আটটার দিকে রুবেল মারা যান।