কীটনাশক বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৯ দেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৯ দেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

ফসলের খেতে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের বিরূপ প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কৃষির সব ক্ষেত্রে প্রাকৃতিক ও সমন্বিত পতঙ্গ ব্যবস্থাপনা পদ্ধতি জোরদার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। জৈব সারের ব্যবহার বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাটির উর্বরতা, মৎস্য ও মিঠাপানির উৎসসমূহ রক্ষায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। খবর বাসসের।
কৃষি খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ ব্যক্তি ও সংস্থাকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৯’ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রুপা ও ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্রোঞ্জ পদক পেয়েছে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো সম্ভাব্য দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা করার লক্ষে৵ তাঁর সরকার কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এ জন্য সরকার সার, সেচ, জ্বালানি এবং কৃষি যন্ত্রপাতি জনগণের কাছে সহজলভ্য করাসহ কৃষি খাতকে সর্বাত্মক সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, গত ছয় বছরে কৃষি খাতের উন্নয়নে ৪৩ হাজার ২৬৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষি যন্ত্রপাতির জন্য ২৫ শতাংশ ভর্তুকি দেওয়া হয়েছে।
কৃষকদের কৃষি সহায়তা কার্ড দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগও দেওয়া হয়েছে। জামানত দিতে না পারার কারণে সাধারণত বর্গাচাষিদের ব্যাংকঋণ দেওয়া হতো না। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই নিয়ম বাদ দিয়ে বর্গাচাষীদেরও খুবই স্বল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছে।
পুরস্কারপ্রাপ্ত কৃষক ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আপনারা আপনাদের কার্যক্রমের এলাকা বাড়িয়ে দিন। জনগণকে উদ্বুদ্ধ করুন, যাতে তাঁরা কৃষি ও কৃষকের উন্নয়নে এগিয়ে আসেন।’