কীটনাশকমুক্ত শুঁটকি উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন
কীটনাশক না মিশিয়েও মাছ রোদে শুকিয়ে এবং জাল ব্যবহার করে শুঁটকি উৎপাদন করা সম্ভব। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষকেরা বলেছেন, বক্স টানেল ও রিং টানেল পদ্ধতিতে কীটনাশকমুক্ত শুঁটকি উৎপাদন করা যায়।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ও শুঁটকি গবেষক এ কে এম নওশাদ আলম বলেন, ‘আমরা বিষমুক্ত শুঁটকি তৈরির একটি উপায় উদ্ভাবন করেছি। তুলনামূলক সহজলভ্য ও সস্তা উপাদান ব্যবহার করে বক্স ও রিং টানেলের মাধ্যমে উন্নতমানের শুঁটকি উৎপাদন করা সম্ভব।’ তিনি বলেন, ‘১৫ বছর ধরে এ বিষয়ে গবেষণা করছি। কক্সবাজারসহ বিভিন্ন এলাকার শুঁটকি উৎপাদনকারীদের এই পদ্ধতিতে বিষমুক্ত শুঁটকি উৎপাদনের জন্য উৎসাহিত করেছি।’বক্স টানেল পদ্ধতি: জাল দিয়ে আচ্ছাদিত বক্স টানেল তৈরির জন্য বাঁশ বা কাঠের খুঁটির ওপর ২০-৪০ ফুট উচ্চতার একটি বাঁশের মাচা তৈরি করে এর ওপর সামনের দিকে ঢালু একটি আয়তাকার টানেল বসিয়ে দিতে হবে। টানেলের পেছনের খাড়া পা দুটির উচ্চতা আড়াই ফুট এবং সামনের পা দুটির উচ্চতা দুই ফুট হবে। টানেলের ওপর থেকে মাছ ঝুলিয়ে দেওয়ার জন্য লম্বালম্বিভাবে নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁশ বা বাঁশের ফালি বেঁধে দিতে হবে। ছাদ ঢালু করার ফলে টানেলের উপরিতলের পরিমাণ বেড়ে যাবে। এতে বেশি আলো ঢুকবে এবং ঝুলে থাকা প্রতিটি মাছ সমান হারে সূর্যের আলো পাবে। মাছ ঝোলানোর পর পুরো টানেলটি আগাগোড়া মশারির জাল দিয়ে ঢেকে দিতে হবে। মাছি প্রবেশ ঠেকাতে ভোর হওয়ার আগেই অর্থাৎ অন্ধকার থাকতেই টানেলে মাছ ঝুলিয়ে দেওয়া উচিত। ঝোলানো মাছ দিনের বেলা উল্টে-পাল্টে দেওয়ার প্রয়োজন নেই।রিং টানেল পদ্ধতি: জাল দিয়ে ঢাকা ঝুলন্ত রিং টানেল তৈরির জন্য পাঁচ-ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের টুকরোকে প্রথমে লম্বালম্বি কয়েকটি ভাগে চিরতে হবে। তারপর ভেতরে কয়েকটি রিং বেঁধে পলোর মতো আকৃতি করতে হবে। মাছ ঝোলানোর জন্য আরও কয়েকটি ছোট আকৃতির রিং ভেতরের দিকে পরপর বেঁধে দিতে হবে। টানেলের চারদিকে মশারির জাল দিয়ে ঢেকে শক্ত বাঁশের আড়ার মাধ্যমে ওপরে ঝুলিয়ে রাখতে হবে। পরপর তিনটি করে রিংয়ে সাজানো দুই স্তরবিশিষ্ট একটি রিং টানেল মাত্র ৭০-৮০ টাকায় তৈরি করা যায়, যাতে প্রায় ২০ কেজি লম্বা লইট্টা বা ২৫ কেজি ছুরি মাছ শুকানো সম্ভব।